ট্রাম্পের ঘোষণায় ধস নামল মার্কিন শেয়ারবাজারে

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫

গতকাল সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কয়েকটি চিঠি প্রকাশ করেন। এতে তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে একাধিক দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই ঘোষণা সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে প্রতিক্রিয়া তৈরি করে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে নিউইয়র্কের পুঁজিবাজারে বড় পতন হয়। ডাও জোন্স সূচক ৪২২ পয়েন্ট কমে যায়। নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকও যথাক্রমে প্রায় এক শতাংশের কাছাকাছি পড়ে যায়। তবে মঙ্গলবার সকালে এশিয়ার বাজারগুলো কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এই পতনের পেছনে মূলত নতুন শুল্কের ঘোষণা নয়, বরং ট্রাম্পের আচরণ থেকে তৈরি অনিশ্চয়তাই বড় কারণ। এরই মধ্যে টয়োটা, নিসান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের মতো বড় কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে গেছে, কিছু ক্ষেত্রে দরপতন ৭ শতাংশ পর্যন্ত ছুঁয়েছে। আন্তর্জাতিক শেয়ারভিত্তিক তহবিলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বন্ডের দাম কমেছে, সুদহার বেড়েছে। অন্যদিকে ডলারের মান বেড়েছে, যা ইয়েন ও ওয়ানের মতো মুদ্রাগুলোকে দুর্বল করেছে।

অনেকের ধারণা ছিল, আসন্ন বাণিজ্য চুক্তির সময়সীমা ঘনিয়ে আসায় শেয়ারবাজারে স্থিতি ফিরবে। জেফরিসের বিশ্লেষক মোহিত কুমার মনে করছেন, ট্রাম্পের চিঠি বিভিন্ন দেশকে চুক্তিতে আনতে চাপ দেবে। তিনি এটাকে দরপতনের মধ্যেই নতুন শেয়ার কেনার সুযোগ হিসেবে দেখছেন।

তবে সবাই এতটা আশাবাদী নন। ওয়েলস ফারগোর বিশেষজ্ঞ স্কট রেন সতর্ক করে বলছেন, বাজারের অতিরিক্ত আশা বিপদ ডেকে আনতে পারে। শুল্ক কার্যকর হলে অর্থনীতি মন্দার দিকে যেতে পারে, ভোক্তারা ব্যয় কমাতে পারে, ফলে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেশি হয়ে পড়তে পারে।

বিশ্লেষকেরা আরও বলছেন, ট্রাম্পের হঠাৎ হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাঁর টানাপোড়েন মার্কিন অর্থনীতির প্রতি আস্থা নষ্ট করছে। অনেকেই এখন ডলার ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, যদি নতুন শুল্ক কার্যকর হয়, তাহলে মন্দা আর ঠেকানো যাবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত