প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি। মহাসড়কের টঙ্গীবাজার, স্টেশন রোড, কামারপাড়া রোডের মাথা, চেরাগআলী, কলেজ রোড, হোসেন মার্কেট, গাজীপুরা এলাকা জুড়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
এর আগে ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আপ বাংলাদেশের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিলেন।
বুধবার রাতভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড, চেরাগআলী, কলেজ রোড, সফিউদ্দিন সরকার একাডেমি রোড, খাঁ-পাড় সাতাইশ রোড, গাজীপুরা, এশিয়া পেট্রোল পাম্পসহ বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ভাগে পাহারা দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গাজীপুর মহানগর আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী নাবিল ইউসুফ, আপ বাংলাদেশ গাজীপুর মহানগরের আহ্বায়ক আবু সাঈদ নোমান।
পাহারায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, আব্দুল হান্নান, আলম খান, আনিসুর রহমান, রশিদ সোহেল, মহিন উদ্দিন খান, জনি, ফরহাদ উদ্দিন, জহিরুল ইসলাম এবং টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফয়সাল প্রমুখ।
সাধারণ মানুষ সকাল থেকে মহাসড়ক ব্যবহার করতে পারায় যানজট বা ভোগান্তির বিষয়টি দেখা যায়নি। এসময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় স্থানীয়রা সহজে গন্তব্যে পৌঁছাতে পারছেন। রাজনৈতিক দলগুলোর উপস্থিতি সত্ত্বেও রাস্তাঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা গেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হিসেবে দেখা যাচ্ছে।
“একটি বাংলাদেশ অনলাইন” এই অঞ্চলের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছে, যা পাঠকদেরকে বিনা বাধায় সড়ক ব্যবহারের খবর নিশ্চিত করছে।