প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বাস্তবে কোনো লকডাউন পালন করতে না পেরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরি করছে এবং সেটিকেই লকডাউনের প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। তিনি বলেন, “আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, “আওয়ামী লীগ টাকার বিনিময়ে কিছু নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল ছেলেকে ভাড়া করে ভোরবেলা প্রধান সড়কে এক-দুটি বাসে আগুন লাগিয়ে ছবি তোলে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে দেয়। এর মাধ্যমেই তারা লকডাউন সফল দেখানোর চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা নিজেই বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেওয়া হবে। কিন্তু এখন তিনি নেই। পালিয়ে যাওয়ার আগে নিজের আত্মীয়-স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, তিনি কখনও পালাবেন না, অথচ আজ তিনি পালিয়ে গেছেন। কিন্তু আমরা পালাইনি, এ প্রজন্মও পালাবে না। এ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, “শেখ হাসিনার শাসনামলে হাজার হাজার বিএনপি নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়নের রাজনীতি চালিয়ে আসছে। তখন তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী, আর এখন তাদের কাছে ডিজিটাল প্রচারণার অস্ত্র এআই।”
এ্যানি দাবি করেন, আওয়ামী লীগ দেশকে ভয়, দুর্নীতি ও মিথ্যার সংস্কৃতিতে নিমজ্জিত করেছে। তিনি বলেন, “আজ মানুষ নিরাপত্তা চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। আওয়ামী লীগ এ সবকিছু কেড়ে নিয়েছে। তারা শুধু নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে কৃত্রিমভাবে রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যদি সত্য, ন্যায় আর সাহসের পথে দাঁড়াও, তাহলে এই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে।”
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মকে এখনই সিদ্ধান্ত নিতে হবে—তারা ভয়ের রাজনীতি নাকি স্বাধীন চিন্তার বাংলাদেশ চায়।
লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্যের সময় এ্যানির প্রতি শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখা যায়। তিনি শেষ বক্তব্যে বলেন, “আমরা এআই দিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়ে বাংলাদেশ গড়তে চাই।”