প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ রবিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
চীন গত সাত দশকের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ স্বর্ণ খনিতে পাওয়া গেছে বিশাল এই মজুত—১৯৪৯ সালের পর এটিকেই সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, দাদোংগৌ খনিতে মোট ১,৪৪৪.৪৯ টন প্রমাণিত স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, খনিটির অর্থনৈতিক সামর্থ্য মূল্যায়নের কাজ শেষ হওয়ায় এটি এখন পূর্ণাঙ্গ উন্নয়ন ও উত্তোলনের জন্য প্রস্তুত। এটিকে ইতোমধ্যে ‘অতিবৃহৎ উন্মুক্ত স্বর্ণখনি’ হিসেবে তালিকাভুক্তও করা হয়েছে।
চীনা কর্মকর্তাদের বরাতে আরও জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার পর্যন্ত এলাকায় প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে, যেখানে প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। বিস্তৃত ভূগর্ভে লুকিয়ে থাকা এই সোনালি ভাণ্ডার ভবিষ্যতে চীনের স্বর্ণ উৎপাদনশীলতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আশ্চর্যের বিষয় হলো—মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ায় খনিটির অবস্থান শনাক্ত করা গেছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদন বলছে, এই অনুসন্ধান পুরো খনিজ খাতের জন্য ‘দ্রুত ও উচ্চমানের অনুসন্ধানের আদর্শ মডেল’ হিসেবে বিবেচিত হতে পারে।
চীনের শিল্প উৎপাদন, বৈদেশিক বাণিজ্য ও মুদ্রাবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই স্বর্ণ ভাণ্ডার—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বড় এই আবিষ্কার শুধুমাত্র দেশের অর্থনীতিই নয়, বৈশ্বিক স্বর্ণবাজারেও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।