‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নির বড় প্রত্যাবর্তন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ রবিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’–এর সবার প্রিয় মুন্নিকে কি ভুলে থাকা যায়? নির্বাক সেই ছোট্ট পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় দখল করেছিল হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর সেই হর্ষালি আবার ফিরছেন বড় পর্দায়—এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে, এক নতুন রূপে ও নতুন পরিচয়ে।

৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অখণ্ড ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির মাধ্যমেই প্রথমবার তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন হর্ষালি, আর এ খবর প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। মুম্বাইয়ে ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে বালকৃষ্ণর পাশে নতুন লুকে হাজির হয়ে তিনি নজর কাড়েন সবার।

দীর্ঘদিনের প্রস্তুতির কথা নিজেই জানিয়েছেন হর্ষালি। জানিয়েছেন, নতুন ছবিতে তিনি অভিনয় করছেন ‘জনানি’ নামের একটি চরিত্রে, যা গল্পে বড় মোড় ঘোরাবে। ছবির নির্মাতা–সংক্রান্ত সূত্রগুলো বলছে, এই চরিত্রটিই সিনেমার আবেগ ও প্লটকে নতুন দিক দেবে।

হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তির প্রস্তুতি চলছে ‘অখণ্ড ২’-এর। ফলে হর্ষালির প্রত্যাবর্তন শুধু ভারতের উত্তরাঞ্চলের দর্শকই নয়, দেশজুড়ে ও দক্ষিণ ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।

বছরের পর বছর পর্দার বাইরে থাকা সেই ছোট্ট মুন্নি এখন পরিণত অভিনেত্রী—তার নতুন যাত্রা কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত