আমিরাতে বাংলাদেশিদের ‘আজীবন গোল্ডেন ভিসা’ দেওয়ার দাবি ভুয়া, সতর্কবার্তা কর্তৃপক্ষের

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৫ বার
আমিরাতে বাংলাদেশিদের ‘আজীবন গোল্ডেন ভিসা’ দেওয়ার দাবি ভুয়া, সতর্কবার্তা কর্তৃপক্ষের

প্রকাশ: ০৯ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

সম্প্রতি একাধিক দেশি-বিদেশি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ প্রদান করা হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি এই তথ্য অস্বীকার করে বলেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর গুজব।

মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (WAM) প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে জানানো হয়, কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আলাদাভাবে আজীবন গোল্ডেন ভিসা দেওয়ার প্রকল্পের কথা আমিরাত সরকার কখনোই ঘোষণা করেনি এবং এরকম কোনো পরিকল্পনাও তাদের নেই। বরং বিভিন্ন অননুমোদিত পরামর্শক প্রতিষ্ঠান মিথ্যা তথ্য ছড়িয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় এবং প্রতারণার চেষ্টা করছে।

আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, গোল্ডেন ভিসা সম্পর্কিত আবেদন কেবল আমিরাত সরকারের অনুমোদিত অফিসিয়াল ডিজিটাল চ্যানেল, অর্থাৎ তাদের নিজস্ব ওয়েবসাইট কিংবা স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করা সম্ভব। এর বাইরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরামর্শক সংস্থাকে গোল্ডেন ভিসা গ্রহণ ও প্রক্রিয়াকরণে দায়িত্ব বা অনুমোদন দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, সম্প্রতি বিদেশভিত্তিক একটি কনসালটেন্সি সংস্থা ইন্টারনেটে এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে বলেছে, ‘সব শ্রেণির মানুষ আজীবন গোল্ডেন ভিসা পেতে পারেন’। এটি সরকারিভাবে স্বীকৃত নয় এবং কোনো ধরনের সরকারি সমর্থন ছাড়াই এধরনের প্রচারণা চালানো হচ্ছে। এমন ভুয়া প্রচারণায় যেন কেউ প্রলুব্ধ না হন, সেজন্য সতর্ক করেছে আইসিপি।

এ প্রসঙ্গে আমিরাত সরকার কড়া ভাষায় বলেছে, যারা এসব ভুয়া তথ্য ছড়িয়ে বা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে— তারা যেন কোনোভাবেই তাদের অর্থ বা ব্যক্তিগত তথ্য এসব অবৈধ পরামর্শক সংস্থার হাতে না দেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সরকার গোল্ডেন ভিসা চালু করে মূলত বিনিয়োগকারী, উদ্যোক্তা, উচ্চশিক্ষিত পেশাজীবী, গবেষক এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ দেওয়ার লক্ষ্যে। এ প্রক্রিয়ার আওতায় ৫ থেকে ১০ বছরের ভিসা দেওয়া হয়, যা নির্ধারিত মানদণ্ড ও শর্তপূরণ সাপেক্ষে প্রযোজ্য। এই ভিসার কোনো ‘লাইফটাইম সংস্করণ’ বা নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য ‘বিশেষ ছাড়’ দেওয়ার মতো সুবিধা নেই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ও কিছু ভারতীয় সংবাদমাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য নতুন একটি পাইলট প্রকল্প চালু করেছে আমিরাত, যার আওতায় তারা বিনিয়োগ ছাড়াই ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ পাবেন। সেই খবর প্রসঙ্গে আমিরাত সরকার বলেছে, এটি পুরোপুরি মনগড়া ও ভিত্তিহীন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুজব ছড়িয়ে দেয়ার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত চক্রের হাত রয়েছে, যারা মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং বিদেশে স্থায়ী হবার আকুলতাকে কাজে লাগিয়ে প্রতারণা করছে। ফলে জনসাধারণকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং কোনো তথ্য যাচাই না করে তাতে বিশ্বাস করা উচিত নয়।

অতএব, যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস, চাকরি, শিক্ষা বা বিনিয়োগের উদ্দেশ্যে যেতে আগ্রহী, তাদের একমাত্র ভরসা হওয়া উচিত সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম। আমিরাত কর্তৃপক্ষ আবারও পুনরায় আহ্বান জানিয়েছে, কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্যের শিকার হয়ে আর্থিক বা সামাজিক ক্ষতির মুখে না পড়েন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত