শিরোপার দৌড়ে এগিয়ে বাংলাদেশ, স্বীকৃতি দিলো প্রতিপক্ষরাও

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৮ বার
শিরোপার দৌড়ে এগিয়ে বাংলাদেশ, স্বীকৃতি দিলো প্রতিপক্ষরাও

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

ঢাকায় আজ থেকে পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের, যেখানে চারটি দেশের অংশগ্রহণে জমে উঠবে দক্ষিণ এশিয়ার তরুণী ফুটবলারদের প্রতিযোগিতা। এবারের আসরে ভারতের অনুপস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক ফুটবল সাফল্যের প্রেক্ষাপটে টুর্নামেন্টের অন্য তিন প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান, এককভাবে স্বাগতিক বাংলাদেশকেই ফেভারিট বলে ঘোষণা দিয়েছে। তাদের মতে, মাঠের পারফরম্যান্স, সাম্প্রতিক অর্জন এবং কৌশলগত শক্তিমত্তায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে।

টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন দলের কোচরাই বাংলাদেশ দলের প্রতি একরকম শ্রদ্ধা ও স্বীকৃতি প্রকাশ করেন। ভুটানের কোচ থানকা মায়া ঘ্যাদি বাংলাদেশের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যকে প্রথমেই অভিনন্দন জানান। শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারা আরও একধাপ এগিয়ে স্বাগতিকদের “টুর্নামেন্টের ফেভারিট” ও “শিরোপার দাবিদার” হিসেবে অভিহিত করেন। এমনকি নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুংও নিজেদের আশাবাদের পাশাপাশি বাংলাদেশের শক্তি ও সাফল্যের প্রতি যথাযথ সম্মান জানিয়েছেন।

তবে প্রশংসায় ভাসলেও আত্মতুষ্টির পথে হাঁটছে না বাংলাদেশ। দলের ইংলিশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, তারা প্রতিটি প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখেননি। বাটলার বলেন, “আমরা একসঙ্গে তিনটি প্রোগ্রাম চালাচ্ছি— অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র দলের জন্য। মিয়ানমার থেকে ফেরার পর খেলোয়াড়দের মধ্যে বিনয় ও মনোযোগ ফিরিয়ে আনার দিকেই বেশি নজর দিয়েছি। এই টুর্নামেন্ট তরুণ ফুটবলারদের জাত চেনানোর দারুণ এক মঞ্চ।”

জাতীয় দলের হয়ে এশিয়ান কাপে দুর্দান্ত পারফর্ম করা ৯ জন ফুটবলার রয়েছেন এই অনূর্ধ্ব-২০ দলে, যার নেতৃত্বে আছেন অভিজ্ঞ ও দক্ষ অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি জানিয়েছেন, “আমরা প্রতিটি দলের বিপক্ষে খেলব মনোযোগ দিয়ে। কেউই সহজ প্রতিপক্ষ নয়। ইনশা আল্লাহ আমরা ভালো খেলব এবং জেতার সর্বোচ্চ চেষ্টা করব।”

তাদের প্রস্তুতি নিয়েও আশাবাদী আফঈদা। তিনি জানান, “মিয়ানমার থেকে ফিরেই আমরা সময় পাইনি খুব বেশি। তবে যতটুকু সময় পেয়েছি, কোচের নির্দেশনা মেনে অনুশীলন করেছি। আজ সকালেও পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত।”

এদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কাও হালকাভাবে নিচ্ছে না নিজেদের সুযোগ। আজকের উদ্বোধনী ম্যাচে আফঈদাদের মোকাবেলা করতে নামবে লঙ্কানরা। কাগজে-কলমে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার কোচ শিরনাথা কুমারা বলেছেন, “ফুটবলে কিছুই অসম্ভব নয়। সৌদি আরব যেমন আর্জেন্টিনাকে হারিয়েছিল, তেমনি আমরাও পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। আমরা প্রস্তুত।”

সব মিলিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শুরুতেই বাংলাদেশের জন্য একদিকে যেমন সম্মান ও প্রত্যাশার চাপ, অন্যদিকে রয়েছে মাঠে সেই প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ। মাঠের খেলাই এখন বলে দেবে— স্বীকৃতি ও সম্ভাবনার এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা মিলে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত