প্রকাশ: ১২ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে আরও দুটি নতুন নাম—ইতালি ও নেদারল্যান্ডস। সম্প্রতি ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে এই দুই দেশ জায়গা করে নিয়েছে আইসিসির সবচেয়ে জমজমাট এবং জনপ্রিয় এ আন্তর্জাতিক ক্রিকেট আসরে। বিশেষত ইতালির ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক অর্জন, কারণ প্রথমবারের মতো তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। স্বাগতিক দেশ হিসেবে এই দুই দল আগে থেকেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ২০২৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের পারফরম্যান্স এবং আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের নির্দিষ্ট সময়ের অবস্থান অনুসারে এবার মোট ১৫টি দল চূড়ান্তভাবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা সুপার এইট পর্যায়ে উত্তীর্ণ হয়েছিল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ—তারা সবাই সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৬ আসরে। যদিও সুপার এইটে জায়গা করে নিতে পারেনি, তবে ৩০ জুন ২০২৪ পর্যন্ত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ তিনে অবস্থান করায় পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডও বিশ্বকাপে সুযোগ পেয়েছে।
উত্তর আমেরিকার আমেরিকাস রিজিওনাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। এই টুর্নামেন্টে ২০২৪ সালেই প্রথম অংশ নিয়েছিল দলটি। অপরদিকে ইউরোপ থেকে এবার নেদারল্যান্ডস ও ইতালি জায়গা করে নিয়ে চূড়ান্ত তালিকায় যোগ দিয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হওয়া ১৫টি দলের তালিকা হলো—ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।
বাকি পাঁচটি দল নির্ধারিত হবে দুটি আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। আফ্রিকান অঞ্চল থেকে দুটি দল এবং এশিয়া ও ইস্ট-এশিয়া প্যাসিফিক মিলিত অঞ্চল থেকে তিনটি দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বটি আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। প্রতিদ্বন্দ্বিতা করবে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা এবং স্বাগতিক জিম্বাবুয়ে। এদিকে এশিয়া ও ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মিলিত বাছাইপর্ব হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, যেখানে অংশ নেবে মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, কুয়েত, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি এবং সামোয়া।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ অক্টোবরের মধ্যে সব দল চূড়ান্ত হয়ে যাবে। ফলে অপেক্ষার পালা আরও কয়েক মাস। তবে ইতোমধ্যে যারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে। নতুন দলগুলোর আগমন বিশ্বকাপে প্রতিযোগিতার মাত্রা আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের।
২০২৬ সালের বিশ্বকাপ হবে ২০ দলের অংশগ্রহণে, যেটি হবে এখন পর্যন্ত সর্ববৃহৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। ভারতের মাটিতে আবারও জমজমাট ক্রিকেট উৎসবের অপেক্ষায় গোটা বিশ্ব।