প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বাংলাদেশে বরাবরই একটি সংবেদনশীল ও বহুল আলোচিত বিষয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের দাবি নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে নতুন বেতনকাঠামোয় একসঙ্গে সব গ্রেডে বড় অঙ্কের বেতন বৃদ্ধির যে সুপারিশ সামনে এসেছে, তা নিয়ে অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব সক্ষমতার প্রশ্ন নতুন করে সামনে চলে এসেছে।
নতুন প্রস্তাবিত বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে প্রায় ১০৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর ফলে ন্যূনতম মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হচ্ছে। কাগজে-কলমে এই প্রস্তাব অনেকের কাছেই আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে—বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার কি এই বাড়তি ব্যয় বহন করার মতো অবস্থানে রয়েছে?
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সরকার প্রত্যাশিত রাজস্ব আদায় করতে পারছে না। গত কয়েক বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় চার লাখ কোটি টাকার আশপাশেই আটকে আছে। নানা সংস্কার উদ্যোগ, কর নেট সম্প্রসারণের পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। অন্যদিকে, রাষ্ট্র পরিচালনার ব্যয়, ঋণ পরিশোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন প্রকল্পে ব্যয়—সব মিলিয়ে সরকারি খরচ ক্রমেই বাড়ছে।
এই বাস্তবতায় একসঙ্গে সব গ্রেডে বেতন বৃদ্ধি মানে সরকারের পরিচালন ব্যয়ে স্থায়ী ও বড় ধরনের চাপ সৃষ্টি করা। বেতন বাড়ানো একবার শুরু হলে তা সাময়িক নয়; প্রতিবছরই এই অতিরিক্ত অর্থ জোগান দিতে হবে। এটি কোনো এককালীন ব্যয় নয় যে, এক বছর সামাল দিলেই পরের বছর চাপ কমে যাবে। বরং এটি রাজস্ব ব্যয়ের একটি স্থায়ী খাত হয়ে দাঁড়াবে। প্রশ্ন হলো, এই অর্থ আসবে কোথা থেকে?
অর্থনীতিবিদদের মতে, সরকারের সামনে মূলত দুটি পথ খোলা থাকে—রাজস্ব আয় বাড়ানো অথবা অন্য খাতে ব্যয় কমানো। রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে বাস্তব চ্যালেঞ্জ হলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত গতিতে না বাড়লে এবং কর প্রশাসনে মৌলিক সংস্কার না এলে রাজস্ব আদায় হঠাৎ করে বড় অঙ্কে বাড়ানো সম্ভব নয়। অপরদিকে, ব্যয় কমানোর ক্ষেত্রেও সরকারের হাত-পা বাঁধা। উন্নয়ন ব্যয় ইতিমধ্যেই বিভিন্ন কারণে সংকুচিত হয়েছে। সামাজিক নিরাপত্তা ও ভর্তুকি খাতে ব্যয় কমানো রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত।
ধরা যাক, সরকার একসঙ্গে সব গ্রেডে বেতন না বাড়িয়ে ধাপে ধাপে বৃদ্ধির পথে হাঁটল। তবুও প্রথম ধাপেই অতিরিক্ত প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এই অঙ্কটি মোটেও ছোট নয়। যেখানে চার লাখ কোটি টাকার রাজস্ব আদায় করতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে হঠাৎ করে আরও কয়েক দশক হাজার কোটি টাকা ব্যয় করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যদি এই অর্থ ধার করে জোগান দেওয়া হয়, তাহলে ঋণের বোঝা আরও বাড়বে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাপ সৃষ্টি করবে।
এখানেই মূল প্রশ্নটি সামনে আসে—সব গ্রেডে একসঙ্গে বড় অঙ্কের বেতন বৃদ্ধি কি আদৌ যুক্তিসংগত? অর্থনৈতিক বাস্তবতা বলছে, আয় না বাড়িয়ে ব্যয় বাড়ানো কোনোভাবেই টেকসই নয়। একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থায় আগে অর্থায়নের উৎস নিশ্চিত করা হয়, তারপর ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৃদ্ধির ক্ষেত্রে এই নীতি আরও বেশি প্রযোজ্য, কারণ এটি একটি দীর্ঘমেয়াদি আর্থিক অঙ্গীকার।
তবে এর অর্থ এই নয় যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রয়োজন নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীরা বাস্তব সংকটে পড়ছেন—এটি অস্বীকার করার উপায় নেই। তাদের জন্য যে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, সেটির যৌক্তিকতা রয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান রক্ষা করা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সমস্যা তৈরি হচ্ছে যখন একই সঙ্গে সব স্তরে মোটা অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব আসে। উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের আয় ইতিমধ্যেই তুলনামূলকভাবে বেশি। তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার যদি নিচের গ্রেডের সমান বা কাছাকাছি রাখা হয়, তাহলে আর্থিক চাপ বহুগুণে বেড়ে যায়। বাস্তবতা বিবেচনায় নিলে, আপাতত নিচের গ্রেডগুলোতে বেতন সমন্বয় করাই অধিক যুক্তিযুক্ত পদক্ষেপ হতে পারত।
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যদি সেই স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে তা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা, বাজেট ঘাটতি বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব—সবকিছুই এই সিদ্ধান্তের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে।
সবকিছু মিলিয়ে বলা যায়, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রয়োজনীয় হলেও সময়, পরিমাণ এবং কাঠামো নির্ধারণে বাস্তবতা ও সামর্থ্যের বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। আয় না বাড়িয়ে একসঙ্গে সব স্তরে বেতন বৃদ্ধি করা অর্থনৈতিকভাবে অযৌক্তিক। বরং ধাপে ধাপে, লক্ষ্যভিত্তিক এবং বিশেষ করে নিচের গ্রেডকে অগ্রাধিকার দিয়ে বেতন সমন্বয় করলে তা যেমন সামাজিকভাবে ন্যায্য হবে, তেমনি রাষ্ট্রের আর্থিক ভারসাম্যও বজায় থাকবে।