প্রকাশ: ১৭ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে সান্তোসের জয় নিশ্চিত করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচের ৮৪ মিনিটে নেইমারের দুর্দান্ত গোল থেকে ১-০ গোলে জিতেছে সান্তোস। গোলের পর নেইমারের উদযাপনে যেন স্পষ্ট ছিল ফিলিপে লুইসকে ‘তোমাকে বলেছিলাম’ বলে ইঙ্গিত, যিনি বর্তমানে ফ্ল্যামেঙ্গোর কোচ এবং ব্রাজিল জাতীয় দলের দীর্ঘদিনের তার সতীর্থ ছিলেন।
সান্তোসের জন্য এই গোলটি ছিল চলতি মৌসুমের সিরি আ-তে নেইমারের প্রথম এবং ১৩ ম্যাচে তার চতুর্থ গোল। ম্যাচে নেইমার পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ম্যাচে প্রতিপক্ষের রক্ষণকে বারবার চাপে রেখেছেন, এবং তার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন।
নেইমারের ফর্মের উন্নতি নিয়ে আগে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করেও জানিয়ে দিয়েছিলেন যে তিনি আগের চেয়ে অনেক ভালো ফিটনেসে পৌঁছেছেন। দীর্ঘক্ষণ ম্যাচে থাকার মাধ্যমে এই প্রত্যাশা আরও দৃঢ় হয়েছে।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান এক্স হ্যান্ডল অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, নেইমার ম্যাচে দুটি শট নিয়েছেন, প্রতিপক্ষ বক্সে চারবার বিপদ তৈরি করেছেন, সতীর্থদের তিনটি গোল সুযোগ সৃষ্টি করেছেন, আর বল দখলে ব্যক্তিগত লড়াইয়ের সাতটি জয় লাভ করেছেন।
দক্ষিণ আমেরিকার ফুটবল পরিসংখ্যান অনুযায়ী, নেইমার ক্যারিয়ারে ৭০০ গোলের সাথে জড়িত রয়েছেন, যার মধ্যে নিজে করেছেন ২৫৭ গোল এবং করিয়েছেন ৪৪৩ গোল।
সান্তোস এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লীগে ১৩তম স্থানে রয়েছে, যেখানে শীর্ষে অবস্থান করছে ফ্ল্যামেঙ্গো ২৭ পয়েন্ট নিয়ে। নেইমারের এই জয়ে সান্তোসের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে এবং দলের অবস্থান শক্ত হয়েছে।