বাংলাদেশের সরকার গঠন ও নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৬ বার
বাংলাদেশের সরকার গঠন ও নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন বা নির্বাচন আয়োজনের সময়সূচি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার সফলভাবে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবে—এ বিষয়ে চীন সম্পূর্ণ আস্থাশীল।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, চীন-বাংলাদেশ সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।” তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও কূটনৈতিক মহলে তাঁর মন্তব্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে চীনা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে চীন কাজ করছে এবং খুব শিগগিরই একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে তদন্তে অংশ নেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান।” তিনি উল্লেখ করেন, এই ইস্যুতে চীন, বাংলাদেশ ও মিয়ানমার তিন পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে বেইজিং। তবে রাখাইনে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাৎক্ষণিক প্রত্যাবাসন সম্ভব নয় বলেও জানান তিনি।

ডিক্যাব টক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং আঞ্চলিক ইস্যুতে চীনের অবস্থান।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত