১১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৩ বার
১১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, দুর্জয় সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আরও বলা হয়েছে, তিনি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন, যা ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণ বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।

গত ৩ জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর আগে, গত বছরের ২৪ অক্টোবর একটি আদালত সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।

নাঈমুর রহমান দুর্জয় ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে জয়ী হন। এই মামলার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত