জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪২ বার
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

২০ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের অভিযান শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, স্বপন ও তার সহযোগীদের নামে থাকা প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক (জব্দ) করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, রুহুল আমিন স্বপন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এ সিন্ডিকেটের মাধ্যমে তিনি প্রায় আট হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। বিপুল পরিমাণ অর্থ তিনি ঢাকার অভিজাত এলাকায় জমি ও বাড়ি কেনার পেছনে ব্যয় করেন। সিআইডি জানায়, বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা মিলিয়ে সাতটি আলাদা দলিলে তার নামে ২৩১ কাঠা জমি রয়েছে। দলিল অনুযায়ী জমির মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা হলেও এর বর্তমান বাজার মূল্য অবকাঠামোসহ প্রায় ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহুল আমিন উপার্জিত অর্থ বৈধ নয়। তিনি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পত্তি ক্রয় করেন। ফলে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা, সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ তার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন। একই সঙ্গে এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। তদন্তে নতুন তথ্য বেরিয়ে এলে তাদের বিরুদ্ধেও মানিলন্ডারিং আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের অন্যতম আলোচিত এই জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জনশক্তি খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগে জালিয়াতি বন্ধে সরকারের এ ধরনের পদক্ষেপকে অনেকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত