১৪৬ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় এনবিআরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার

প্রকাশ: ২১ আগস্ট ‘ ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক।  একটি বাংলাদেশ অনলাইন

দুদুর্নীতি দমন কমিশন (দুদক) ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন।

এই মামলায় ঢাকা কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির এবং উপকর কমিশনার লিংকন রায়কে আসামি করা হবে। দুদক সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করা হতে পারে।

ঘটনার প্রেক্ষাপট জানিয়ে দুদক জানায়, গত ১০ জুলাই তাদের এনফোর্সমেন্ট ইউনিট ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-এর অফিসে অভিযান চালায়। অভিযোগ ছিল, এক করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে। অভিযানের সময় দেখা যায়, ওই প্রতিষ্ঠানের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের জন্য নির্ধারিত আয়কর যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ টাকা ও ৭৩ কোটি ৬১ লাখ টাকা, মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা।

তবে পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই মামলাগুলো নিরীক্ষা করলে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর নির্ধারণ করেন যথাক্রমে শূন্য টাকা ও মাত্র ১ হাজার ২৯৯ টাকা। দুদকের কাছে এটি অস্বাভাবিক এবং উদ্দেশ্যমূলক মনে হয়েছে।

অভিযান চলাকালে ১৪৬ কোটি টাকার কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলোও খুঁজে পাওয়া যায়নি। দুদক মনে করছে, এই নথি গায়েব করা হয়েছে এবং এটি ঘঠিত কাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিত তদবিরের অংশ। বিষয়টি ইতোমধ্যেই মামলার মাধ্যমে তদন্তে প্রেরণ করা হবে, যাতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।

দুদক জানিয়েছেন, এই ধরনের কর ফাঁকি ও নথি গায়েব করার ঘটনা দেশের রাজস্ব সংরক্ষণ ও কর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুতর হুমকি। কমিশন আশা করছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরণের অনিয়ম রোধে ভবিষ্যতে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত