শাহপরাণ (রহ.) ওরস শুরু বৃহস্পতিবার, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার
শাহপরাণ (রহ.) ওরস শুরু বৃহস্পতিবার, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫। নিজস্ব সংবাদদাতা।  একটি বাংলাদেশ অনলাইন

আগামী ২৮ ও ২৯ আগস্ট হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফে অনুষ্ঠিতব্য বাৎসরিক পবিত্র ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সুসংহত রাখতে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ৩টায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় মাজার প্রাঙ্গণে নিরাপদ ও পবিত্র পরিবেশ নিশ্চিত করা, জিয়ারতের সুবিধাজনক ব্যবস্থা করা এবং অনৈসলামিক কার্যক্রম প্রতিরোধ করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা। তিনি বলেন, পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অনৈসলামিক কার্যকলাপ না ঘটে—এ বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তদারকি করবেন।

কমিটির মাধ্যমে মাজার প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং নিরাপত্তা আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সমগ্র এলাকা মনিটরিং করা হবে। পুলিশ কমিশনার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন যাতে ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন পরিবেশ নষ্ট করতে না পারে।

উক্ত সমন্বয় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব-৯, অধিনায়ক -৩৪ বীর সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, হযরত শাহপরাণ (রহ.) সিলেট মাজার কমিটির সদস্যবৃন্দ এবং মাজারের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং নিশ্চিত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে ওরসকে শান্তিপূর্ণ ও পবিত্র পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত