প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত সফরে ইসরাইলে পৌঁছেছেন। ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং দেশের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল ১০টার দিকে অবতরণ করেন ট্রাম্প।
বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলের সামনে একটি অনন্য সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের সংঘাত নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের সময়।
এই সফরে ট্রাম্প ইসরাইলে চার ঘণ্টা অবস্থান করবেন। এর মধ্যে তিনি দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এছাড়াও হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া ইসরাইলি জিম্মিদের এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১টার দিকে তিনি ইসরাইল ত্যাগ করে মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি গাজা যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সভাপতিত্ব করবেন ট্রাম্প।
সফরের মূল লক্ষ্য হিসাবে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা, জিম্মিদের মুক্তি ও বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন প্রদানকে ধরা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই সফর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।