প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক
হবিগঞ্জ-সিলেট রুটে যাতায়াত এখন নতুন মাত্রা পেতে চলেছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আধুনিক ও আরামদায়ক এসি বাস সার্ভিস। সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থী ও প্রতিদিনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
প্রাথমিকভাবে চারটি এসি বাস দিয়ে এই সেবার যাত্রা শুরু হবে। বাসগুলো চলবে হবিগঞ্জ-সিলেট বাইপাস এবং হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে। যাত্রীদের চাহিদা ও সাড়া অনুযায়ী ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এই নতুন সার্ভিসের মাধ্যমে দুই জেলার মানুষ যেমন আরও দ্রুত ও আরামদায়ক যাত্রার সুযোগ পাবেন, তেমনি সড়কপথে যাতায়াত ব্যবস্থাতেও আসবে শৃঙ্খলা ও স্বস্তি।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘ এক বছর ধরে যাত্রীদের মতামত ও অভিযোগ বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “যাত্রীরা দীর্ঘদিন ধরে আরামদায়ক ও মানসম্পন্ন যাত্রার দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই প্রত্যাশা পূরণের অংশ হিসেবেই আমরা এসি বাস চালুর উদ্যোগ নিয়েছি। বিআরটিসির সঙ্গে আলোচনার মাধ্যমে খুব শিগগিরই ভাড়ার হার নির্ধারণ করা হবে।”
প্রতিদিন হবিগঞ্জ ও সিলেট রুটে প্রায় আট হাজারের মতো মানুষ যাতায়াত করেন। কিন্তু বহু বছর ধরে এই রুটে মানহীন সেবা, অতিরিক্ত ভাড়া ও সময়মতো বাস না ছাড়ার অভিযোগে যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। নতুন এসি বাস সার্ভিস চালু হলে এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বিশেষ করে অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের সুবিধার্থে সকালে হবিগঞ্জ থেকে এবং বিকেলে সিলেট থেকে বাস ছাড়ার সময়সূচি নির্ধারণ করা হবে। এতে যাত্রীরা নির্ভরযোগ্য সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারবেন।
স্থানীয় যাত্রীরা জানিয়েছেন, এই উদ্যোগ শুধু আরামদায়ক ভ্রমণই নয়, বরং সিলেট-হবিগঞ্জ রুটে যোগাযোগ ব্যবস্থার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। দীর্ঘদিন পর এমন ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা—এই বাস সার্ভিস টেকসইভাবে পরিচালিত হবে এবং যাত্রীসেবার মান অব্যাহত রাখা হবে।
পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সার্ভিস চালুর মাধ্যমে শুধু যাত্রী ভোগান্তি কমবেই না, বরং সিলেট অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগেও আসবে গতি। এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে—আরাম, নিরাপত্তা ও সেবার প্রতিশ্রুতিতে গড়া এই আধুনিক যাত্রায়।