একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মত্তি বিএনপির

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার
একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মত্তি বিএনপির

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন

ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন ও গণভোট একত্রে হবে এবং পরবর্তীতে জাতীয় সরকার গঠন করা হবে। এই মন্তব্য তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় করেছেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা সেই ঘোষণার সঙ্গে একমত এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করব।” তিনি আরও বলেন, “আমরা কখনোই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেই, তবে দুঃখজনকভাবে কিছু মহল এখন সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তারা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে।”

তিনি গণভোটের ব্যাপারে বলেন, “নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।” তিনি আবারও সবাইকে একযোগে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “এই বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। যারা এখন গোলমাল সৃষ্টি করছেন, তারা জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ করি। অতীতে বহুবার বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, এবার তা থেকে বিরত থাকুন।”

এসময় তিনি উল্লেখ করেন, “আমরা চাই জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক। এই সংকট থেকে উত্তরণের জন্য একটি জনগণের সরকার গঠন হওয়া প্রয়োজন। আমরা অবশ্যই আমাদের মিত্রদের সঙ্গে, যারা দীর্ঘ ১৫ বছর একসাথে লড়াই করেছেন, তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করতে চাই।”

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, “আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চাই।” তিনি সবার প্রতি আহ্বান জানান, “আমরা একসাথে নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্টে জনগণের সরকার গঠন করতে চাই। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই এবং এই নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করি।”

এছাড়া, জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর এবং সাইফুল হক প্রমুখ বক্তৃতা দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত