প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার (১৪ ডিসেম্বর) এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ বিষয়ে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং শরীফ ওসমান হাদীর ভাই ওমর বিন হাদী। আলোচনার পর হাদীকে দ্রুত বিদেশে পাঠানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে হাদীর চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক নামকরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বশেষ পর্যবেক্ষণ ও পরিবারের মতামতের ভিত্তিতে বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দুপুরে হাদীকে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে। ইতোমধ্যে ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁর সঙ্গে একটি চিকিৎসক দল থাকবেন এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাদীর চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এদিকে শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।