প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনিস আলমগীর। তিনি জানান, ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ডিবির সদস্যরা নিয়ে আসেন। এ সময় তাকে জানানো হয়েছে যে, গোয়েন্দা পুলিশের প্রধান তার সঙ্গে কথা বলতে চান।
তবে কী কারণে বা কোন বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে সম্পর্কে রোববার রাত পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, আনিস আলমগীর দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত। তিনি দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে রাজনৈতিক ও সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।
এ ঘটনাকে ঘিরে সাংবাদিক মহলে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।