প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই রুদ্ধদ্বার বৈঠকটি শুরু হয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর নিরাপত্তা ইস্যুতে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিইসির এটিই প্রথম আনুষ্ঠানিক সমন্বয় সভা।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত রয়েছেন। ইসি সূত্র জানিয়েছে, সভায় নির্বাচনের সময় দেশজুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েনের কর্মপরিকল্পনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং দুর্গম এলাকায় ব্যালট পেপার পৌঁছাতে বিমান বাহিনীর সহায়তাসহ সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য নাশকতার ঝুঁকি মোকাবিলায় বাহিনীর পক্ষ থেকে সিইসিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিন বাহিনী প্রধানের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক শেষে আজ দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশাল সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় নির্বাচন কমিশনারগণ এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেখানে দেশব্যাপী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হতে পারে।
সারাদেশে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থাকায় নিরাপত্তা নিশ্চিত করাকে নির্বাচন কমিশন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। আজকের এই ধারাবাহিক বৈঠকগুলো থেকে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ছক তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শনাক্ত করা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাহিনীর অবস্থান নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই আসতে পারে।