তারেক রহমানের ফ্লাইটে ক্রু বদল, ২৫ ডিসেম্বর ফিরছেন দেশে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে স্বদেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এবং দলের শীর্ষ কয়েকজন নেতা ঢাকার উদ্দেশে রওনা হবেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উড্ডয়ন করার কথা রয়েছে। তবে এই হাই-প্রোফাইল যাত্রার ঠিক আগ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটের দুই কেবিন ক্রুকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, আজ মধ্যরাতে বিজি–২০২ ফ্লাইটের ডিউটি থেকে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়াকে সরিয়ে দেওয়া হয়। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই দুই ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এরপরই তাঁদের ডিউটি বাতিল করে নতুনভাবে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ওই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিমানের নিরাপত্তা শাখা থেকে জানা গেছে, তারেক রহমানের মতো গুরুত্বপূর্ণ যাত্রীর ক্ষেত্রে নিরাপত্তার কোনো দিকই শিথিল রাখতে চায় না কর্তৃপক্ষ। সরিয়ে দেওয়া দুই ক্রুর বিরুদ্ধে অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগে গত ২ মে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ফ্লাইটেও একইভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিমানবন্দর থেকে নয়াপল্টন পর্যন্ত বিশাল জনসমাবেশ ও সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে ফ্লাইটে শেষ মুহূর্তের এই ক্রু রদবদলের ঘটনাটি ডিপি ডিসিপ্লিনারি ও নিরাপত্তা প্রটোকলের অংশ বলে দাবি করেছে বিমান প্রশাসন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরেও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত