প্রকাশ: ১২ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
পাকিস্তানের শোবিজ অঙ্গনে একের পর এক অকালমৃত্যু যেন এক অশুভ ছায়া ফেলছে। এবারের ঘটনায় উঠে এসেছে এক চরম নির্মম বাস্তবতা— যেখানে সময় থেমে ছিল একটি বন্ধ দরজার ওপারে, আর তার পেছনে ছিল এক জীবনের দীর্ঘ নিঃসঙ্গ ক্ষয়। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমাইরা আসগরের মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই যেন স্তব্ধ হয়ে গেছে করাচির সাংস্কৃতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও।
প্রতিরক্ষা আবাসনের একটি পরিত্যক্ত ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া হুমাইরার মরদেহ ঘিরে শুরু থেকেই একরাশ ধোঁয়াশা ছিল। প্রথমে পুলিশ ধারণা করেছিল, প্রায় ৯ সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। কিন্তু সব জল্পনা-অনুমানকে ছাপিয়ে উঠে আসে চাঞ্চল্যকর সত্য: অভিনেত্রী অন্তত ৮ থেকে ১০ মাস আগেই মৃত্যুবরণ করেছিলেন, আর তার দেহ সেই সময় থেকেই নিষ্প্রাণ, নিঃসঙ্গভাবে পড়ে ছিল নিজের আবাসেই।
জিও নিউজের খবরে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাড়া না মেটানোয় হুমাইরার বিরুদ্ধে মামলা করেছিলেন ওই ফ্ল্যাটের মালিক। একাধিকবার সমন পাঠানোর পরও কোনো জবাব না আসায় পুলিশ ফ্ল্যাটে হানা দেয়। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটি অর্ধপচা দেহ। সারা ঘরে দুর্গন্ধ, ঘন পোকা আর নিস্তব্ধতা। সেটিই ছিল অভিনেত্রী হুমাইরার শেষ ঠিকানা।
ময়নাতদন্তে পাওয়া তথ্যগুলো যেন রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। রিপোর্টে বলা হয়েছে, হুমাইরার অস্থিমজ্জা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কও সম্পূর্ণরূপে পচে গেছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কালো হয়ে গেছে এবং নখ বা আঙুলের কোনো অস্তিত্ব আর ছিল না। দেহের গলিত অংশ থেকে হাড় বেরিয়ে গিয়েছিল, আর মেরুদণ্ডে সুষুম্না নালির কোনো চিহ্ন পাওয়া যায়নি। চুলে কিছু বাদামি রঙের পোকা থাকলেও লাশে সাধারণত যে পচনকারী কীটপতঙ্গ বা ম্যাগট পাওয়া যায়, তা অনুপস্থিত ছিল, যা আরও রহস্যজনক করে তোলে এই মৃত্যু।
রিপোর্ট বলছে, দেহে এতটাই পচন ধরেছিল যে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা এখন আর সম্ভব নয়। তবে ডিএনএ টেস্ট ও টক্সিকোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। চুল, কাপড় ও অন্যান্য নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ এখন এসব পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন বা হাড়ভাঙা পাওয়া যায়নি। ফলে আত্মহত্যা, দুর্ঘটনা, অথবা নিছক প্রাকৃতিক মৃত্যু— কিছুই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সম্ভাব্য আত্মহত্যা নাকি নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি— সবকিছুই উন্মোচনের অপেক্ষায়।
এই ঘটনা শুধু হুমাইরার নয়, বরং একটি সমাজের চিত্র— যেখানে একজন নামী অভিনেত্রী বছরের পর বছর নিঃসঙ্গতায় কাটিয়ে মৃত্যুবরণ করেন, অথচ কেউ খোঁজ নেয় না। এর আগে মাত্র এক মাস আগেই পাকিস্তানের আরেক বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খানও একই রকমভাবে করাচির এক ফ্ল্যাটে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৭৭ বছর। একের পর এক এমন মৃত্যু যেন প্রশ্ন তোলে— একজন শিল্পীর জীবনের শেষভাগ এত নিঃসঙ্গ, এত নির্জন কেন হয়?
শোবিজ অঙ্গনের গ্ল্যামার, ক্যামেরার ঝলক আর হাজারো ভক্তের কোলাহলের আড়ালে যে এক গভীর নিঃসঙ্গতা আর নিরাপত্তাহীনতা লুকিয়ে থাকে, হুমাইরার মৃত্যু তার নীরব প্রমাণ। এখন শুধু অপেক্ষা— ময়নাতদন্তের পরবর্তী ধাপে কিছু সুস্পষ্ট তথ্য সামনে এলে হয়তো জানা যাবে, তার জীবনের শেষ অধ্যায়ে কী ঘটেছিল। কিংবা সত্য কি আদৌ জানা যাবে?
হুমাইরার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— জনপ্রিয়তা, খ্যাতি, অর্থ বা বাহ্যিক সাফল্য সবই সময়ের পরিক্রমায় অর্থহীন হয়ে উঠতে পারে, যদি জীবনের শেষপ্রান্তে পাশে না থাকে কেউ, বা না থাকে একটু মানবিক সহমর্মিতা।