প্রকাশ: ১৫ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা ভানসালি যেন পড়েছেন রীতিমতো ‘শাঁখের করাতে’। কারণ একটাই—রণবীর সিং ও রণবীর কাপুর। এই দুই প্রতিভাবান অভিনেতাকে ঘিরেই নতুন করে গুঞ্জন জোরাল হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। বিশেষ করে রণবীর সিংয়ের সঙ্গে ভানসালির দূরত্ব এবং রণবীর কাপুরের সাথে পরিচালকের নতুন ঘনিষ্ঠতা বলিউডের বাতাসে নানা জল্পনা ছড়াচ্ছে।
সঞ্জয় লীলা ভানসালি, যিনি পরিচিত নিখুঁত শিল্পগুণসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, তার সঙ্গে রণবীর সিংয়ের সম্পর্ক একসময় ছিল দারুণ মজবুত। ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’—এই তিনটি ছবির মাধ্যমে রণবীর সিং ভানসালির সবচেয়ে নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, এই সম্পর্ক এখন আর আগের মতো নেই।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘বাজিরাও মাস্তানি’-র সময় কিছু দৃশ্যে রণবীরের অভিনয় নিয়ে ভানসালি অসন্তুষ্ট ছিলেন। বহুবার দৃশ্য ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরিচালকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এমনকি তিনি নাকি রণবীর সিংকে ছবি থেকে বাদ দেওয়ার হুমকিও দিয়েছিলেন! যদিও শেষ পর্যন্ত রণবীর তার চিরাচরিত পরিশ্রম ও প্রতিশ্রুতির মাধ্যমে পরিচালককে সন্তুষ্ট করতে পেরেছিলেন এবং ছবিটি সুপারহিটও হয়েছিল।
তবে সমস্যা শুরু হয় ‘পদ্মাবত’ ছবি মুক্তির পর থেকেই। শোনা যাচ্ছে, তারপর থেকেই রণবীর সিং ও ভানসালির মধ্যে যোগাযোগ ক্রমেই কমে আসে। এরই মাঝে পরিচালকের নতুন প্রকল্প ‘লভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য চরিত্রে নেওয়া হয়েছে রণবীর কাপুরকে। একই ছবির দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল রণবীর সিংকে। কিন্তু এই ‘দ্বিতীয়’ প্রস্তাবকেই অপমান হিসেবে দেখেছেন দীপিকা পাড়ুকোনের স্বামী।
বলিউডে এখন কানাঘুষো চলছে, ভানসালি নাকি নিজের আরেক বড় প্রজেক্ট ‘বইজু বাওয়ারা’ থেকেও রণবীর সিংকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনে সঞ্জয় লীলা ভানসালিকে আমন্ত্রণ না জানানো—এটিকেই অনেকেই দুইজনের সম্পর্কের চূড়ান্ত ভাঙনের সূচক হিসেবে দেখছেন।
এর মধ্যেই আরও বিতর্ক উসকে দিয়েছে রণবীর কাপুরের সঙ্গে ভানসালির ঘনিষ্ঠতা। ‘লভ অ্যান্ড ওয়ার’-এ শুধু কাজ নয়, ব্যক্তিগত সম্পর্কেও যেন দুজনের বোঝাপড়াটা বেশ জমে উঠেছে। বলিউডের অভ্যন্তরে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, ভানসালি এখন তার ভবিষ্যতের প্রজেক্টগুলোতে রণবীর কাপুরকে প্রাধান্য দিতে চান, যা রণবীর সিংয়ের জন্য একধরনের মানসিক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
এই খবরগুলো যদি সত্যি হয়, তাহলে বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা জুটির ভাঙন ইন্ডাস্ট্রির জন্য এক বড় ধাক্কা হবে। কারণ, দর্শকদের চোখে ভানসালি-রণবীর সিং জুটি মানেই ছিল অপ্রতিরোধ্যতা ও দুর্দান্ত শিল্পনৈপুণ্যের প্রতিশ্রুতি। তবে বলিউডে সম্পর্ক, জুটি ও আলোচনার রঙ যে দ্রুতই বদলায়, সে ইতিহাসও কম পুরনো নয়।
এখন দেখার বিষয়, সঞ্জয় লীলা ভানসালি তার পুরনো ভরসার জায়গায় ফিরবেন নাকি নতুন রণবীরকে নিয়েই ভবিষ্যতের গল্প লিখবেন।