যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। পুকুরটি একটি বাগানের ভেতরে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিশুরা পানিতে ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের। পুকুরটি অনেকটা পরিত্যক্ত হওয়ায় সাধারণত সেখানে স্থানীয়রা গোসল করতে যান না।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

একই ঘটনায় তিন শিশুর মৃত্যুতে জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত