বলিউড অভিনেতাদের ‘অসভ্যতার’ কথা ফাঁস করলেন কঙ্গনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার
বলিউড অভিনেতাদের ‘অসভ্যতার’ কথা ফাঁস করলেন কঙ্গনা

প্রকাশ: ১৬ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বলিউডের আউটসাইডার বলে দাবি করে এসেছেন এবং ইন্ডাস্ট্রির নানা অনিয়ম ও ভণ্ডামি নিয়ে মুখ খুলেছেন। এবার সরাসরি বলিউডের নায়কদের অসভ্যতার কথা তুলে ধরে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কখনও কোনো নায়কের অনাকাঙ্ক্ষিত আচরণের মুখোমুখি হয়েছেন কি না। জবাবে তিনি দ্বিধাহীনভাবে বলেন, বলিউডের অধিকাংশ নায়কই অসভ্য। তাই তিনি ইচ্ছাকৃতভাবে খুব কমসংখ্যক বলিউড নায়কের সঙ্গে কাজ করেছেন। তাঁর ভাষায়, “ওদের অসভ্যতা শুধু যৌন হেনস্তায় সীমাবদ্ধ নয়। বরং এর সঙ্গে জড়িত আরও অনেক কিছু— যেমন শুটিংয়ে নিয়মিত দেরি করে আসা, সহকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ, সহ-অভিনেত্রীকে অবমূল্যায়ন করা, ছবির গল্পে গুরুত্বহীন করে দেওয়া কিংবা বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়ার মতো আচরণ। এসব আমি নিজেই সহ্য করেছি।”

অভিনেত্রী আরও অভিযোগ করেন, এসব অন্যায় মেনে না নেওয়ার কারণে তিনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। কঙ্গনার ভাষায়, “আমার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, কারণ আমি আপস করিনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ নারী শিল্পীই চুপ থেকে যায়। তারা প্রতিবাদ করে না। আর আমার প্রতিবাদকেই অনেকে অহংকার বলে অভিহিত করেছে।”

বলিউডের নারী অভিনেত্রীদের জন্য ইন্ডাস্ট্রির অস্বস্তিকর বাস্তবতাকে প্রকাশ্যে তুলে ধরে কঙ্গনা মূলত শিল্প জগতের ভেতরের অন্ধকার দিকটি আবারও সামনে নিয়ে এলেন। তাঁর এসব মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ কঙ্গনার সাহসিকতার প্রশংসা করলেও, অনেকে তাঁর বক্তব্যকে অতিরঞ্জিত ও বিতর্ক সৃষ্টির কৌশল বলে সমালোচনা করছেন।

কঙ্গনা রানাউত ২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত এবং মহেশ ভাট প্রযোজিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ওহ লমহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘কুইন’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতির মাঠেও সক্রিয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এবং রাজনীতির মঞ্চেও তার স্পষ্টভাষী চরিত্রের প্রভাব লক্ষ করা যাচ্ছে।

তবে বারবার বিতর্কিত মন্তব্যে বলিউডে কঙ্গনার অবস্থান নিয়ে প্রশ্ন উঠলেও, তিনি নিজের অবস্থানে অটল থেকে আসছেন। তাঁর সাম্প্রতিক মন্তব্যে আবারও প্রমাণ হলো, ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম-নীতি বা গোষ্ঠীবাদকে পাত্তা না দিয়েই নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তিনি অকপটে প্রকাশ করতে দ্বিধা করেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত