সামনে পেলে তিন মিনিট থাপড়াবো’

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫২ বার
সামনে পেলে তিন মিনিট থাপড়াবো’

প্রকাশ: ১৬ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক ক্ষোভভরা স্ট্যাটাসকে ঘিরে। সন্তান জন্মের পর থেকে ব্যক্তিজীবনে পরিবর্তন এসেছে এই অভিনেত্রীর। এখন তাঁর সব ভালোবাসা ও যত্ন সন্তানদের ঘিরেই। সম্প্রতি ছেলে রাজ্যের তৃতীয় জন্মদিন বড় আকারে উদযাপন করেন তিনি। তবে জন্মদিনের আনন্দঘন পরিবেশের কয়েকদিন পরই পরী বেজায় চটে যান অনুষ্ঠানের কিছু ভিডিও ও ফুটেজ নিয়ে।

অভিযোগ করেছেন, যাদের তিনি খুব কাছের ভেবেছিলেন, তারাই অনুষ্ঠানে এসে ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। সামাজিক মাধ্যমে জন্মদিনের নানা ভিডিও, রিলস ও ভ্লগ ছড়িয়ে পড়েছে, যা একান্তই তাঁর পরিবারের আনন্দঘন আয়োজন ছিল। শনিবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি, তারা প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র ছাড়া কিছু নয়। আমি নিজে এখন পর্যন্ত জন্মদিনের কোনো ছবি পোস্ট করিনি, অথচ দেখছি কিছু অতিথি বেহায়ার মতো আমার অনুষ্ঠানকে ব্যবসায়িক কনটেন্টে রূপ দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “যারা অনুষ্ঠানে এসে আমার জীবনের অতি মূল্যবান সময়টুকু পাবলিক করে, তারা আমার গালি খাবে—এটাই তারা ডিজার্ভ করে। ভিখারির মতো মাসভর কিছু ডলার কামাও, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমার বাচ্চাদের নিয়ে ব্যবসা করার চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না।”

পরীমণি তাঁর ক্ষোভ আরও তীব্র করে উল্লেখ করেন, “এই ধরনের কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে, তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ আগেই বলেছিলাম, আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান নয়। ভালো লাগেনি তখনও, এখনো লাগছে না।”

একসময় পরীমণির জন্মদিন মানেই ছিলো চমকপ্রদ আয়োজন, লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলক। তবে সন্তান জন্মের পর তিনি সেই পথ থেকে সরে এসে পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটানোকে অগ্রাধিকার দিচ্ছেন। সেই প্রেক্ষাপটেই তিনি চাননি ছেলে রাজ্যের জন্মদিনটি শোবিজ বা ব্যবসায়িক কনটেন্টে পরিণত হোক। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টোটা, যা তাঁকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

সামাজিক মাধ্যমে তাঁর এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তাঁর অবস্থানকে সঠিক বলেছেন, আবার অনেকেই মনে করছেন, জনপ্রিয় একজন তারকার ব্যক্তিগত আয়োজন এমনিতেই আলোচনার জন্ম দেবে এবং সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তবুও পরীমণির ক্ষোভ থেকে স্পষ্ট যে, তিনি চান তাঁর সন্তানদের বেড়ে ওঠা একান্তই পরিবারকেন্দ্রিক হোক, যেনো তারা কোনোভাবেই ব্যবসায়িক প্রচারণার অংশ না হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত