প্রকাশ: ২১ আগস্ট ২০২৫। নিজস্ব সংবাদদাতা ।একটি বাংলাদেশ অনলাইন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আগামী ২২-২৪ আগস্ট তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দলটির প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম প্রবাস সফর। সফরটি এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আয়োজিত হচ্ছে।
তিন দিনের এই সফরে নাহিদ ইসলাম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরে অংশগ্রহণকারীরা থাকবে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবী। এছাড়াও তিনি বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টও অনুষ্ঠিত হবে, যেখানে নাহিদ ইসলাম মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। তিনি প্রবাসীদের অভিজ্ঞতা, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠন এবং প্রবাসীদের আরও সক্রিয়ভাবে দেশীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদ ইসলামের এই সফর শুধু প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনই নয়, বরং প্রবাসীদের কাছে দলের ভাবমূর্তির শক্তি ও সমন্বয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরের শেষে ২৫ আগস্ট নাহিদ ইসলাম দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব গ্রহণের পর নাহিদ ইসলামের এই প্রথম আন্তর্জাতিক সফরকে প্রবাসী ও রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সংযোগ এবং মতবিনিময় ভবিষ্যতে দলের রাজনৈতিক কর্মসূচি ও কূটনৈতিক প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।