রামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার
রামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ যেটির অপেক্ষায় ছিলেন বহু বছর, অবশেষে সেই মিনি স্টেডিয়াম বাস্তবায়নের পথে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং রামগঞ্জের কৃতী সন্তান মাহফুজ আলমের উদ্যোগ ও প্রচেষ্টায় রামগঞ্জবাসী পাচ্ছেন নিজেদের একটি আধুনিক ক্রীড়াঙ্গন। এর মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবি পূরণ হবে, পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির নতুন দিগন্তও উন্মোচিত হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে “উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এ স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। এ লক্ষ্যে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের খলিফার দরজার সংলগ্ন বিঘা মৌজায় প্রায় ৩.৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদল জমি সরেজমিন পরিদর্শন করে দখল বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সজিবুল্লাহ সজিব, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্র জানায়, জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রকাশিত পরিপত্রের মাধ্যমে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সদস্যরাও প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

রামগঞ্জে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামের দাবি ছিল স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের। জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী প্রতিভাবান কিশোর-যুবকরা এ ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। নতুন মিনি স্টেডিয়াম নির্মিত হলে তাদের জন্য তা হবে এক নতুন দিগন্ত। ক্রীড়া সংগঠকরা আশা করছেন, আধুনিক এই স্টেডিয়াম শুধু স্থানীয় পর্যায়ের খেলাধুলাকেই প্রাণবন্ত করবে না, বরং জাতীয় পর্যায়ে প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রেও অবদান রাখবে।

রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাহমুদ ফারুক বলেন, “এটি সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। বহুদিন ধরে রামগঞ্জবাসীর স্বপ্ন ছিল একটি স্টেডিয়ামের। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে। এই স্টেডিয়াম শুধু খেলাধুলা নয়, সমাজ থেকে তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা রাখবে। আমরা আশা করছি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে এবং শিগগিরই রামগঞ্জবাসী নিজেদের স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারবেন।”

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, স্টেডিয়ামকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল আচরণ ও সবার সম্মিলিত প্রচেষ্টায় রামগঞ্জ শুধু ক্রীড়াঙ্গনে নয়, সামগ্রিক সামাজিক উন্নয়নেও সমৃদ্ধির পথে অগ্রসর হবে।

রামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাঠে খেলাধুলা ও স্বাস্থ্যকর বিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে এই মিনি স্টেডিয়াম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত