প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ । বিনোদন ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
ছোটপর্দার পরিচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক মাধ্যমে ফের সমালোচনা ও মত প্রকাশের মাধ্যমে নজর কেড়েছেন। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় নিজেকে তুলে ধরেন আন্দোলনের সক্রিয় সমর্থক হিসেবে, এবং নিয়মিতভাবেই সমাজের বিভিন্ন অসংগতি ও শিক্ষার্থী জীবন সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে।
রুকাইয়া জাহান চমক আজ নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “চট্টগ্রামের প্রশাসন কি করতেছে! এখন সেনাবাহিনী কই? যেখানে দরকার নাই, সেখানে গিয়ে উরাধুরা মারপিট দিচ্ছে, আর যেখানে দরকার সেখানে তাদের টিকিটাও দেখা যায় না!”
অভিনেত্রী আরও লিখেছেন, “মানুষের জীবন আপনাদের কাছে ছেলে খেলা! নাকি সরকার সোশ্যাল মিডিয়াতে ঢোকেনই না, মেন্টাল পিস নষ্ট হওয়ার ভয়ে! তারা শুধু তাদের বলয়ের মধ্যেই থাকে, এবং সব কিছু নষ্ট হওয়ার পর এসে বলবে তীব্র নিন্দা জানাই অথবা সমবেদনা।”
রুকাইয়া জাহান চমক তার আরেকটি পোস্টে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করুন, প্লিজ! এগুলো আর নেওয়া যাচ্ছে না।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও প্রশাসনের চলমান ঘটনাবলির প্রতি সরাসরি প্রশ্ন তোলার মাধ্যমে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রুকাইয়ার এই পোস্ট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী রাজনীতি নিয়ে দেশের রাজনৈতিক সচেতনতার মাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
অভিনেত্রীর মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন, তবে কিছু সমালোচক শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের ওপর প্রশাসনের ভূমিকা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
এই ধরনের মন্তব্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রুকাইয়া জাহান চমককে শিক্ষার্থী আন্দোলন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের একজন গুরুত্বপূর্ণ ভয়েস হিসেবে ধরা হচ্ছে।