প্রকাশ: ১৫ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
দক্ষিণ কোরিয়ার শোবিজ অঙ্গন হারাল এক প্রতিভাময় অভিনেত্রীকে। মাত্র ৩১ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কং সিউ-হা। সোমবার (১৪ জুলাই) তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তার মাধ্যমে এই মর্মান্তিক খবরটি জানানো হয়। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শোকের ঢেউ বয়ে যাচ্ছে। অনেকেই বিস্ময় ও মর্মবেদনার সঙ্গে লিখেছেন, “জানতেই পারিনি তিনি এতটা অসুস্থ ছিলেন।”
অভিনয় জগতে কং সিউ-হার আত্মপ্রকাশ হয়েছিল তারুণ্যের দীপ্তি ও স্বতঃস্ফূর্ততায়। ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘হার্ট সার্জনস’, ‘থ্রু দ্য ওয়েভস’-এর মতো জনপ্রিয় নাটকে তিনি নিখুঁত অভিনয় শৈলীর মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। কোরিয়ার নাট্যপ্রেমীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক স্বতন্ত্র আবেগের নাম। তিনি যেমন ছিলেন প্রতিভাময়ী, তেমনি বাস্তব জীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী ও অনুপ্রেরণাদায়ী এক মানুষ।
কং সিউ-হার মৃত্যুসংবাদটি প্রথম জানানো হয় তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ের মাধ্যমে, ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে। সেখানে ওই আত্মীয় লেখেন, “এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের কথা ভেবেছো। সবসময় বলতে, ‘আরও খারাপ কিছু হয়নি বলে কৃতজ্ঞ।’ তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এখন শান্তিতে থেকো।” ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শ্রদ্ধা, শোক ও ভালোবাসার ঢল নামে। সহশিল্পীরা একে একে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে পোস্ট করতে থাকেন।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কং সিউ-হার মৃত্যুর সংবাদে কোরিয়ান বিনোদন জগতে নেমে এসেছে নীরবতা। অনেকেই তাঁর এই হঠাৎ প্রস্থানকে “অপ্রত্যাশিত” ও “মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। কারণ, তাঁর অসুস্থতা সম্পর্কে গণমাধ্যমে আগে থেকে কোনো উল্লেখ পাওয়া যায়নি। সেভাবে তিনি নিজেও প্রকাশ্যে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি, যা ভক্তদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।
তার মরদেহ বর্তমানে রাখা হয়েছে সিউল সেন্ট মেরিস হাসপাতালের শোকাগারে, যেখানে পরিবারের সদস্য, সহকর্মী এবং ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন। আগামী ১৬ জুলাই গিয়ংনাম প্রদেশের হামানে অবস্থিত পারিবারিক কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
কং সিউ-হার অভিনীত শেষ চলচ্চিত্র ‘ম্যাঙ্গনেইন’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। অনেকেই বলছেন, এ ছবিতে হয়তো দেখা যাবে তাঁর শেষ প্রজ্ঞার ছাপ। হয়তো এটিই হয়ে থাকবে তাঁর চিরন্তন বিদায়ের আগে ভক্তদের জন্য শেষ উপহার।
একজন তরুণ শিল্পীর এমন অসময়ে চলে যাওয়া কেবল কোরিয়াতেই নয়, বিশ্বজুড়ে নাটক ও চলচ্চিত্রপ্রেমীদের মনকে বিষণ্ন করে তুলেছে। তাঁর অনন্য অভিনয়, নম্রতা ও জীবনবোধ আজ নতুন করে প্রমাণ করল— প্রতিভার দীপ্তি কখনও কখনও খুব দ্রুতই নিভে যায়, তবে তা যে আলো রেখে যায়, তা স্মরণীয় হয়ে থাকে অনেককাল। কং সিউ-হা তেমনই এক আলো, যিনি তার ক্ষণস্থায়ী জীবনে বহু হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।