প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান কণ্ঠশিল্পী বেবী নাজনীন সম্প্রতি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তেতুলতলা বাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এই সভায় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, কালচারসহ দেশ ধ্বংস করেছে।” তিনি আরও বলেন, “আমাদের তরুণ ছেলে-মেয়েরা বুক পেতে দিয়ে শহীদ হয়ে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ বাঁচিয়েছে।” তিনি অভিযোগ করেন যে, “এখনো চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।”
বেবী নাজনীন বলেন, “১৭ বছর ষড়যন্ত্র, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করতে পারেনি, পারবেও না। জনগণেই বিএনপির মূলশক্তি। জনগণই বিএনপি’র পাশে থেকে গণতন্ত্র, সার্বভৌমত্ব, সংস্কৃতি প্রতিষ্ঠা করবেই।” তিনি আরও বলেন, “যে দিন আমাদের নেতা তারেক রহমান দেশে এসে হ্যামিলনের বাঁশিওয়ালার মত ধানের শীষ বাজাবেন সে দিন কেউ ঘরে বসে থাকতে পারবে না। দেশব্যাপী ধানের শীষের গণজোয়ার হবে। জনগণ উজ্জীবিত হয়ে ধানের শীষ ধানের শীষ ধ্বনি দেশব্যাপি উচ্চারিত হবে। এ গণজোয়ার ও ধ্বনি কেউ রক্ষা করতে পারবে না।”
তিনি অভিযোগ করেন যে, “ফ্যাসিস্ট সরকারের পার্লামেন্টের অ্যাজেন্ডা ছিল সকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গালি দেয়া, দুপুরে তারেক রহমানকে গালি দেয়া, রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গালি দেয়া।” তিনি বলেন, “কিন্তু আমরা কাউকে গালি দেয়ার দল নই। আমরা জনগণকে সাথে নিয়ে কীভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যায়, সে জন্য মাঠে কাজ করছি।”
বেবী নাজনীন আরও বলেন, “জনগণ ১৭ বছর ভোট দিতে পারেনি, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি। গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট প্রদান করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”
তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বহু অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা সহ্য করেছেন। তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তবুও তিনি দেশ থেকে পালাননি। জেলে থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আন্দোলন করেছেন। দেশের মানুষের পাশে ছিলেন ও আছেন।”
মতবিনিময় সভায় নিতাই ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ লিটন পারভেজ, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ খান, সৈয়দপুর জেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন নাসা, জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী, উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি আবু সাঈদ, বিএনপি নেতা লিয়াকত প্রমুখ।