প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ১৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৪৯ ভোট।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পাওয়া ফল বিশ্লেষণে এ চিত্র উঠে আসে। মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত ৩০টির ফল নিশ্চিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ফখরুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৫০৮ ভোটে এগিয়ে আছেন।
বিশেষভাবে আলোচিত হয়েছে তার নিজ কেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ১৭৭৭ ভোট। দাঁড়িপাল্লা পেয়েছে ৬১২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
একই কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১৭৯৫ ভোট। ‘না’ পড়েছে ৫২১ ভোট। স্থানীয় পর্যবেক্ষকেরা বলছেন এই ব্যবধান প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়।
আসনটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মূল লড়াই জমেছে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ফখরুল সুবিধাজনক অবস্থানে আছেন। বাকি ১৫৫টি কেন্দ্রের গণনা চলমান রয়েছে। চূড়ান্ত ফল ঘোষণার আগে ব্যবধানের চিত্রে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।