প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এবার কম্পানির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ বা তারও বেশি ছাঁটাই হতে পারে। বর্তমানে মেটাতে প্রায় ৭৯,০০০ কর্মী কাজ করছেন, সেই হিসেবে এই সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৬,০০০-এর কাছাকাছি।
মেটা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। ২০২৮ সালের মধ্যে তারা এই খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে। বিশাল এই খরচ সামাল দিতে এবং সংস্থাকে আরও ছোট ও কার্যকর করতে তারা কর্মী কমানোর পথে এগোতে চাইছে।
মার্ক জুকারবার্গের মতে, আগে যে কাজ করতে বড় টিমের প্রয়োজন হতো, এখন এআই প্রযুক্তির কারণে একজন দক্ষ মানুষই সেই কাজ করতে সক্ষম। এজন্য কম্পানিকে আরও ছোট ও দক্ষ করার পরিকল্পনা করছেন তিনি।
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, এই খবর অনুমাননির্ভর। তবে কম্পানির কর্মকর্তাদের ইতিমধ্যেই খরচ কমানোর পরিকল্পনা করতে বলা হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও মেটা কয়েক দফায় প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল।
শুধু মেটা নয়, এআই প্রযুক্তির উন্নতির প্রেক্ষাপটে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও কর্মী ছাঁটাই করছে। উদাহরণস্বরূপ, অ্যামাজন ১৬,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এবং ফিনটেক প্রতিষ্ঠান ব্লক তাদের অর্ধেক কর্মী ছাঁটাই করবে। প্রযুক্তি জগতে বড় কোম্পানিগুলো এখন মানুষের ওপরের নির্ভরতা কমিয়ে এআই-সক্ষম সিস্টেমের ওপর বেশি নির্ভর করতে চাইছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের এআই-ভিত্তিক পদক্ষেপ সংস্থাগুলোর কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। তবে কর্মীদের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে, যেখানে বহু মানুষ কর্মসংস্থানের নিরাপত্তা হারাতে পারেন। সামনের বছরগুলোতে প্রযুক্তি ও এআই খাতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে, যা সাধারণ মানুষ ও বাজার উভয়ের জন্য নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই তৈরি করবে।