দুর্নীতিমুক্ত প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ—স্পেসএক্সের চোখে অধ্যাপক ইউনূসের উদ্যোগ অনুকরণীয়

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

 

প্রকাশ: ১৮ জুলাই । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাম্প্রতিক বাংলাদেশ সফর ও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠক নানা আঙ্গিকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সাড়া ফেলেছে। এ সফর শুধু আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশেই সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকসই কানেক্টিভিটি, অনলাইন শিক্ষা ও ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সম্ভাবনাও উন্মোচন করেছে। লরেন ড্রেয়ার তাঁর সফরের অভিজ্ঞতায় গভীর প্রশংসা করেছেন বাংলাদেশের অগ্রগতি, অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গি এবং দুর্নীতিমুক্ত প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কাঠামো তৈরির প্রয়াসের।

লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু বাংলাদেশে এসে যে দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখলাম, তা সত্যিই ব্যতিক্রম। স্পেসএক্স-এর সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।”

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বর্ষাকালের সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীতে দেশের বাস্তবতা হলো বন্যা ও জলাবদ্ধতা। এই পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য প্রযুক্তির গুরুত্ব অত্যন্ত বেশি, বিশেষ করে পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে যেখানে শিক্ষার্থী ও রোগীদের জন্য মৌলিক সেবা এখনো অপ্রতুল। ইউনূস বলেন, “আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি। এটি শুধুমাত্র শিক্ষার প্রসার নয়, বরং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় একটি সাহসী পদক্ষেপ।”

শুধু শিক্ষা নয়, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবাকেও সমান গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “আমরা এমন একটি ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে গর্ভবতী নারীসহ যে কেউ ঘরে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন। তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যাতে ভবিষ্যতে চিকিৎসা দেয়া সহজ হয়।”

এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। অনেকেই ভাষাগত প্রতিবন্ধকতার কারণে বিদেশে ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন। তবে ডিজিটাল হেলথ সেবা চালু হলে, তারা সহজেই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “অধ্যাপক ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা আমরা বিশ্বের অন্যান্য নেতাদের কাছেও তুলে ধরতে পারি। বলবো, যদি ইউনূস নিজ দেশে এই উদ্যোগ নিতে পারেন, তাহলে আপনারাও পারেন। এই ভাবনা বিশ্বজুড়ে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারে।”

তিনি অধ্যাপক ইউনূসের দুর্নীতিবিরোধী প্রচেষ্টারও প্রশংসা করেন। ড্রেয়ার বলেন, “সরকারি সেবা জনগণের কাছে পৌঁছাতে আপনি যে প্রযুক্তিনির্ভর ও বিকেন্দ্রীকরণমূলক ধারণা দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করি এবং জানি দুর্নীতি কিভাবে একটি জাতির অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। আপনার মডেল প্রযুক্তির মাধ্যমে সুশাসনের একটি নতুন দৃষ্টান্ত।”

লরেন ড্রেয়ারের এ সফর ও বৈঠক বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অধ্যাপক ইউনূসের উদ্যোগ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তিকে ইতিবাচকভাবে তুলে ধরছে। প্রযুক্তিনির্ভর সামাজিক উদ্ভাবন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠনের এই প্রয়াস ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত