প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মিরশ্বানী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রোশনা বেগম (৪৮) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকার বাসিন্দা। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন জানান, মহাসড়কে অটোরিকশাটি নিষিদ্ধ থাকার পরও চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে চলছিল। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চারজন গুরুতর আহত হন এবং ট্রাকটি খাদে উল্টে পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে রোশনার মৃত্যু ঘোষণা করা হয়।
রোশনার স্বজন আবু মুছা জানান, রোশনা এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে পরিবারের তিন সদস্যকে নিয়ে অটোরিকশায় বাবুর্চি বাজার থেকে কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামে যাচ্ছিলেন। ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে ওঠার পর এই দুর্ঘটনা ঘটে।
ওসি সাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।