প্রকাশ: ১৬ জুলাই’ ২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিসা জালিয়াতির অভিযোগে আটক ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তাকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ভিসা জালিয়াতির ঘটনায় দায়ের করা বিমানবন্দর থানার মামলার তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মানিক কুমার শীল জামিন চেয়ে আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাজির করার পর হাড্রিয়া ভিনিয়াসের আচরণ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একজন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং কয়েকজনের ওপর চড়াও হন। তার আচরণে হতবাক হন উপস্থিত অনেকেই।
মামলার বিবরণ অনুযায়ী, হাড্রিয়া ভিনিয়াস ১৮ জুন ভারতে এসে কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ১৫ জুলাই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথোপিয়ান এয়ারলাইন্সের বোর্ডিং পাস নিয়ে অবস্থান করছিলেন। কিন্তু ইমিগ্রেশনের সময় কর্মকর্তারা তার পাসপোর্টে থাকা বাংলাদেশের ভিসাটি সন্দেহজনক মনে করেন। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, ভিসাটি জাল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। এরপর বিমানবন্দরের পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মো. মাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত তৎপরতার অংশ হিসেবে এমন গ্রেপ্তার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বকে সামনে এনে দিয়েছে। এ ধরনের জালিয়াতি কৌশলের পেছনে কোনো সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র সক্রিয় কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রমতে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে এই জাল ভিসা পাসপোর্টে সংযুক্ত হলো, তা বের করতেই রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।