নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ে-নতুন- পুরাতন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার
নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ে বিভ্রাট-নতুন- পুরাতন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশের পরিচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কয়েকদিন ধরেই তার নতুন বিয়ে এবং সেই সঙ্গে স্বামী মো. সিদ্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা সমালোচনা, মন্তব্য ও বিতর্ক। অনেকেই তার স্বামীর আগের সংসারের সন্তানদের ছবি শেয়ার করে সহমর্মিতা প্রকাশ করছেন, কেউ কেউ আবার তনির প্রতি নেতিবাচক মন্তব্য করছেন।

রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মো. সিদ্দিক সোমবার (১৩ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, “গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী। এরপর থেকে দেখছি আমাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। আমি সবার ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ, তবে অনেকে এমন কিছু বিষয়ে মতামত দিচ্ছেন যা তারা প্রকৃতপক্ষে জানেন না।”

তিনি আরও লিখেছেন, “আমার অতীত, প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের নিয়ে যেভাবে আলোচনা চলছে, তা অমানবিক। আমার সন্তানরা নাবালক এবং তাদের কোনোভাবেই সোশ্যাল মিডিয়া আলোচনার অংশ করা উচিত নয়। ২০১৯ সাল থেকে আমি আলাদা জীবন যাপন করছি, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আমার সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক শান্তি প্রাপ্য।”

নিজেদের সম্পর্ক আইনসিদ্ধ ও নৈতিক বলে উল্লেখ করে সিদ্দিক লেখেন, “আমি ও আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক, আমরা আইন মেনে নতুন একটি অধ্যায় শুরু করেছি। তনি একজন বিধবা, আমরা কাউকে অসম্মান করিনি বা কোনো আইনি সীমা লঙ্ঘন করিনি। আমরা শুধু ভালোবাসাকে বেছে নিয়েছি, যা প্রত্যেক মানুষেরই মৌলিক অধিকার।”

তার বক্তব্যের শেষে তিনি সবাইকে আহ্বান জানান, “চলুন আমরা নিন্দা নয়, সৌজন্য ও ইতিবাচকতার পথে হাঁটি। যারা আমাদের প্রতি সহানুভূতিশীল ও সমর্থন দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সিদ্দিকের এই পোস্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রোবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, “না জেনে না বুঝে বাচ্চাদের সবকিছুর সঙ্গে জড়িয়ে ফেলা কিন্তু খুব খারাপ কাজ। আমাকে নিয়ে নিউজ বা পোস্ট দিন, তাতে আমার সমস্যা নেই, আমার আইডিতে ফলোয়ার বাড়ে। তবে শিশুদের নিয়ে এভাবে আলোচনা করা অমানবিক।”

এর আগে রবিবার দিবাগত রাতে সিদ্দিক নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।” একই পোস্টে তনি লিখেছিলেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটি দিন যথেষ্ট নয়।”

উল্লেখ্য, রোবাইয়াত ফাতিমা তনি ২০২৩ সালের অক্টোবরে তার দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাত হোসেনকে হারান। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর মারা যান শাহাদাত হোসেন। সেই সময় তনির বয়সের তুলনায় স্বামীর বয়স অনেক বেশি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি। বিভিন্ন লাইভ ও পোস্টে তাকে নিয়ে বিদ্রূপ, ট্রল এবং আক্রমণাত্মক মন্তব্য করা হয়।

তবে বিতর্ক বা সমালোচনার মুখে থাকলেও তনি তার নিজের অবস্থানে অটল থেকেছেন। ব্যবসা, সামাজিক কাজ এবং ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি সক্রিয় রয়েছেন। নতুন করে জীবনের আরেকটি অধ্যায় শুরু করার সিদ্ধান্তের পরও সেই পুরনো বিতর্ক যেন আবার ফিরে এসেছে নতুন রূপে। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত বা সম্পর্ক নিয়ে এভাবে জনসম্মুখে সমালোচনা করা বা অপপ্রচার ছড়ানো সামাজিকভাবে অগ্রহণযোগ্য। প্রত্যেক মানুষের মতোই রোবাইয়াত ফাতিমা তনিরও নিজের মতো করে জীবন গড়ার অধিকার আছে।

সমালোচনা, সহানুভূতি, ভালোবাসা ও কৌতূহলের মিশ্রণে রোবাইয়াত ফাতিমা তনি আবারও আলোচনার কেন্দ্রে—যেখানে ব্যক্তিগত জীবন, সামাজিক প্রতিক্রিয়া এবং নারীর স্বাধীনতার প্রশ্ন এক নতুনভাবে সামনে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত