প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমান চলাচল স্থগিত থাকবে।
রানওয়ে বন্ধ থাকায় ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প গন্তব্যে অবতরণ করতে বাধ্য হয়েছে।
হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমান দীর্ঘ সময় আকাশে চক্কর দেওয়ার পর অবতরণের অনুমতি না পেয়ে ফিরে যায়।
দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইট পাঠানো হয় ভারতের কলকাতা বিমানবন্দরে।
ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট নিরাপত্তার কারণে অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইট উড্ডয়নের পর আবার ফিরে যেতে বাধ্য হয়।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একাধিক ফ্লাইটও আটকা পড়ে।
কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের OD-163 ফ্লাইট এবং
মুম্বাইগামী ইন্ডিগো 6E-1116 ফ্লাইট
রানওয়ে বন্ধ থাকায় দীর্ঘ সময় ট্যাক্সিওয়েতে অপেক্ষা করে।
অন্যদিকে কুয়েত বিমান কর্তৃপক্ষ জানিয়েছে,
“ঢাকা বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু না হওয়া পর্যন্ত কুয়েত থেকে ঢাকাগামী কোনো ফ্লাইট ছাড়বে না।”
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় প্রথম আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিকেল গড়াতেই আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কার্গো ভিলেজ এলাকায় আগুন দাউ দাউ করে জ্বলছে এবং উদ্ধারকর্মীরা পণ্যের মজুত অংশে প্রবেশে সমস্যায় পড়ছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
তবে, বেবিচক জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করে কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে,
“আগুনের এলাকা অত্যন্ত জটিল এবং দাহ্য পণ্যসমৃদ্ধ হওয়ায় কাজ এগোচ্ছে ধীর গতিতে। আগুন নিয়ন্ত্রণে আনতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।”