প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলেকে হত্যার ঘটনায় দেশে সকল বিচারক রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করে এক স্মারক কর্মসূচি পালন করেছেন।
এর আগে, বিচারকরা নিরাপত্তা ও অন্যান্য দাবিতে কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেছিল। তবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসের পর এই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিনিধিদল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দুই দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের পূর্বপরিচিত লিমন নামের যুবক বাসায় ঢুকে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। হামলাকারী লিমনও আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার তদন্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়েছে। এছাড়া রাজপাড়া থানার একটি এসআই ও তিন কনস্টেবল সাময়িক বরখাস্ত করা হয়েছে। লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিচারকপুত্র হত্যাকাণ্ড এবং বিচারকদের নিরাপত্তা নিয়ে দেশের বিচারবিভাগে চরম সতর্কতা ও শোকের ছায়া নেমে এসেছে।