প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প আতঙ্কে ঢাবিতে শিক্ষার্থীদের হল ছাড়ার ঢল পড়েছে । রোববার সকাল থেকেই লাগেজ, ব্যাগ আর প্রয়োজনীয় জিনিস হাতে নিয়ে বিভিন্ন হল থেকে আবাসিক শিক্ষার্থীরা বের হতে শুরু করেন। প্রশাসনের সিদ্ধান্ত ছিল নিরাপত্তার অজুহাতে সাময়িক হল খালি করা, আর অনেকেই সেটি মেনে নিচ্ছেন আতঙ্কের বাস্তবতায়।
তবে মতভিন্নতা রয়েছে শিক্ষার্থীদের মধ্যেও। কেউ মনে করছেন ভূমিকম্পের মতো পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত স্বস্তির, আবার অনেকেই বলছেন বাধ্যতামূলক হল ত্যাগ শুধু ক্ষণিকের সমাধান। দীর্ঘদিনের আবাসন সংকটের স্থায়ী কোনো পরিকল্পনা ছাড়াই এমন ঘোষণা শিক্ষার্থীদের আরও দুর্ভোগ ডেকে আনবে বলে মন্তব্য করছেন অনেকে।
ঘোষণা প্রত্যাহার ও নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান দাবি করে কয়েকজন আবাসিক শিক্ষার্থী রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেছেন। তাঁরা তিন দফা দাবি জানিয়ে বলেন বিশ্ববিদ্যালয় বন্ধ বা হল ছাড়ার সিদ্ধান্তের আগেই শিক্ষার্থীদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল।
গত দুই দিনে চার দফা ভূমিকম্পে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা দৌড়ে নিচে নামতে গিয়ে কেউ কেউ আহতও হন। ফলে ভয় ও অনিশ্চয়তার মধ্যেই এখন বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে হল ছাড়ার চাপা দুঃশ্চিন্তা।