প্রকাশ: ১৬ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
বর্তমান সময়ে ডিজিটাল জীবনধারার মূল চালিকাশক্তি ইন্টারনেট। অফিস কিংবা ঘর, পড়াশোনা থেকে বিনোদন—সব ক্ষেত্রেই ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু ইন্টারনেট ব্যবহারে ধীরগতি হয়ে উঠছে বিরক্তির অন্যতম কারণ। বিশেষ করে যখন কেউ উচ্চমূল্যের ডেটা প্যাক কিংবা ফাইভজি হ্যান্ডসেট ব্যবহার করেন, তখন প্রত্যাশিত গতি না পেয়ে হতাশ হন অনেকেই। অথচ ইন্টারনেট গতির এই হ্রাসের পেছনে থাকতে পারে কিছু সাধারণ ভুল ও অবহেলা।
প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন। অনেক সময় ডিভাইসে ফাইভজি বা এলটিই সুবিধা থাকলেও সেটিংসে ভুল মোড বাছাইয়ের কারণে কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। এজন্য স্মার্টফোনের সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্ক অপশন থেকে সংশ্লিষ্ট সিমটি নির্বাচন করে এলটিই, ফোরজি কিংবা ফাইভজি মোড চালু করতে হবে। বিশেষ করে যারা নতুন ফাইভজি ব্যবহারকারী, তাদের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু নেটওয়ার্ক ঠিক রাখলেই হবে না, ডিভাইসে চলমান ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর দিকেও খেয়াল রাখা জরুরি। অনেকেই না জেনেই মোবাইলে একাধিক অ্যাপ চালু রাখেন, যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকায় ডেটা ব্যয় করে এবং ইন্টারনেট গতি হ্রাস করে। ফোনের রিসেন্ট অ্যাপ মেন্যু থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিতে হবে এবং ব্যবহারের প্রয়োজন নেই এমন অ্যাপগুলো স্থায়ীভাবে আনইনস্টল করাই শ্রেয়।
আরেকটি গোপন ডেটা খরচের উৎস হলো লোকেশন সার্ভিস। গুগল ম্যাপসহ অন্যান্য অ্যাপ লোকেশন চালু থাকলে পেছনে পেছনে ডেটা সংগ্রহ করে এবং ইন্টারনেট গতি ব্যাহত করে। ফোনের কন্ট্রোল প্যানেল কিংবা সেটিংস থেকে লোকেশন অপশন বন্ধ করে দিলে এই সমস্যার সহজ সমাধান পাওয়া যায়।
তবে এখানেই শেষ নয়। সফটওয়্যার আপডেটের অভাবও ইন্টারনেট গতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্মার্টফোনে ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপ নিয়মিত আপডেট না করলে তা নেটওয়ার্ক সংক্রান্ত নানা সমস্যার জন্ম দেয়। আধুনিক ফিচার যুক্ত আপডেট অনেক সময় ব্যাকগ্রাউন্ড অপ্টিমাইজেশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করে।
সুতরাং, শুধুমাত্র ভালো নেটওয়ার্ক বা দামি ডেটা প্যাক কেনা নয়—স্মার্টফোন ব্যবহারে একটু সচেতন হলে এবং প্রয়োজনীয় কিছু সাধারণ পরিবর্তন আনলেই পাওয়া যেতে পারে কাঙ্ক্ষিত দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলা। কারণ প্রযুক্তিকে ঠিকমতো কাজে লাগানোই পারে আমাদের জীবনকে আরও সহজ ও গতিময় করে তুলতে।