রঘু রাইকে নতুন চোখে দেখার আয়োজন ‘পুনঃশিক্ষা’

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ছবির ভেতর দিয়ে সময়কে দেখা যায়। তবে একজন আলোকচিত্রীকে তাঁর বিখ্যাত ছবির বাইরেও দেখার সুযোগ তৈরি করতে রাজধানীতে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘রঘু রাইকে পুনঃশিক্ষা’। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার থেকে ধানমন্ডিতে শুরু হয়েছে এ আয়োজন।

সন্ধ্যা ৬টায় পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজনটির সূচনা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ‘এক বন্ধুকে স্মরণ: শহিদুল আলম’ শীর্ষক আলোচনা। এতে রঘু রাইয়ের আলোকচিত্রের দিকে নতুন দৃষ্টিতে তাকানোর পাশাপাশি আলোকচিত্রের জগতে তাঁর সমসাময়িক ও সহযাত্রীদের স্মৃতিও উঠে আসে।

একজন আলোকচিত্রীর পরিচয় সাধারণত তাঁর সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর মধ্য দিয়েই তৈরি হয়। কিন্তু প্রয়াত রঘু রাইয়ের দীর্ঘ কর্মজীবন শুধু তাঁর পরিচিত ফ্রেমে সীমাবদ্ধ নয়। মানুষ, সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সময়কে দেখার ক্ষেত্রে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।

পাঠশালার শিক্ষার্থীদের আয়োজিত এই অনুষ্ঠান তাই কেবল আলোকচিত্র প্রদর্শনী নয়। রঘু রাইয়ের কাজ কীভাবে দেখা যায়, কীভাবে একটি ছবিকে পাঠ করা যায় এবং ছবির পেছনে থাকা চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে কীভাবে বোঝা সম্ভব—সেই অনুসন্ধানও এর অন্যতম উদ্দেশ্য।

আলোকচিত্রের ইতিহাসে রঘু রাই একটি সুপরিচিত নাম। সময়ের সঙ্গে পুরোনো ছবিও নতুন অর্থ ধারণ করতে পারে, যদি দর্শকের দেখার চোখ বদলে যায়। ‘রঘু রাইকে পুনঃশিক্ষা’ মূলত সেই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির অনুশীলন।

আয়োজনে প্রদর্শিত হচ্ছে রঘু রাইয়ের ২২টি আলোকচিত্র। পাশাপাশি অন্য আলোকচিত্রীদের ২৭টি ছবিও রাখা হয়েছে। ফলে রঘু রাইয়ের কাজকে বিচ্ছিন্নভাবে না দেখে বৃহত্তর আলোকচিত্র চর্চার পরিসরের মধ্যে দেখার সুযোগ তৈরি হয়েছে।

ছবি ও জ্ঞানভিত্তিক উপকরণ দিয়ে আয়োজনে সহযোগিতা করছে রঘু রাই ফাউন্ডেশন। প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছে একটি প্রামাণ্যচিত্র এবং ১৭টি বইয়ের সংগ্রহ। প্রতিদিন সাতটি বই দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজনের পরবর্তী পর্বে আজ শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে গ্যালারি ভ্রমণ ও আলোচনা ‘রঘু রাই পুনঃশিক্ষা: দেখা ও পড়া’। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রদর্শিত ছবিগুলো নিয়ে আরও গভীরভাবে আলোচনা করার সুযোগ পাবেন।

আগামীকাল শনিবার বিকেল ৫টায় মীর তাজ স্কয়ারে প্রদর্শিত হবে অবনী রায়ের চলচ্চিত্র ‘রঘু রাই, একটি ফ্রেমবিহীন প্রতিকৃতি’। চলচ্চিত্রটিতে আলোকচিত্রী রঘু রাইকে প্রচলিত ফ্রেমের বাইরে থেকে দেখার সুযোগ থাকবে।

আগামী রোববার সন্ধ্যা ৬টায় অবনী রায়ের সঙ্গে ‘কথোপকথন’ পর্ব অনুষ্ঠিত হবে। এটি পাঠশালার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী ও সংশ্লিষ্ট আলোচনা নতুন প্রজন্মের দর্শক ও আলোকচিত্র শিক্ষার্থীদের রঘু রাইয়ের কাজকে নতুনভাবে দেখতে এবং তাঁর ছবির অন্তর্নিহিত ভাষা ও চিন্তা নিয়ে ভাবতে উৎসাহিত করবে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত