ফের ক্যান্সারের লড়াইয়ে সামিয়া, চাইলেন সবার দোয়া

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

দীর্ঘ পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর আবারও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার প্রস্তুতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার রাতে দেওয়া এক আবেগঘন পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষার পর তাঁর শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। ফলে বর্তমানে তাঁকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ক্যান্সারের সঙ্গে লড়াই সামিয়ার জন্য অবশ্য নতুন অভিজ্ঞতা নয়। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রথমবার ক্যান্সার শনাক্ত হওয়ার পর তাঁকে কেমোথেরাপি নিতে হয়নি। তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে এবারকার চিকিৎসা ও অভিজ্ঞতা আগেরবারের তুলনায় ভিন্ন।

নিজের চিকিৎসাযাত্রার একটি ছোট ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সামিয়া। সেখানে তিনি জানান, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে। বিষয়টি নিয়ে হতাশ না হয়ে বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামিয়া বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ক্যান্সারের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যারা গেছেন, তারাই এই লড়াইয়ের কঠিন বাস্তবতা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের বিষয়টি জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর এই রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেন সামিয়া। একটি ফাউন্ডেশনের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত মানুষের জন্য কাজ শুরু করেন তিনি।

এবার আবারও চিকিৎসার কঠিন সময়ের মুখোমুখি হয়ে নিজের মানসিক শক্তি ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সবার কাছে দোয়া চেয়ে সামিয়া বলেন, আল্লাহ যেন তাঁর জন্য সবকিছু সহজ করে দেন এবং আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের শক্তি ধরে রাখতে পারেন। দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্যও সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত