ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে, প্রয়োজন জাতীয় ইনস্টিটিউট

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে, প্রয়োজন জাতীয় ইনস্টিটিউট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

বাংলাদেশে ডায়াবেটিস ক্রমেই বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। নীরবে শরীরে বাসা বাঁধা এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী জানেন না যে তাঁদের শরীরে ডায়াবেটিস রয়েছে। ফলে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু না হওয়ায় অনেকেই হৃদরোগ, কিডনি বিকলতা, স্ট্রোক, দৃষ্টিশক্তি হারানোসহ নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস এখন আর শুধু বয়স্ক মানুষের রোগ নয়; শিশু-কিশোর, তরুণ, কর্মজীবী মানুষ এমনকি গর্ভবতী নারীদের মধ্যেও বাড়ছে এ রোগের ঝুঁকি। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিশেষায়িত এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত, সুলভ চিকিৎসা এবং ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তাঁদের আলোচনায় উঠে আসে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেবল ওষুধ কিংবা ইনসুলিনের ওপর নির্ভর করলেই চলবে না; বরং ব্যক্তিগত জীবনযাত্রার পরিবর্তন থেকে শুরু করে জাতীয় স্বাস্থ্যনীতির কার্যকর বাস্তবায়ন পর্যন্ত সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বৈঠকে দেশের ডায়াবেটিস পরিস্থিতি, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, রোগ প্রতিরোধের উপায় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় জানানো হয়, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রোগ সম্পর্কে অবগত নন। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্ববর্তী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। অর্থাৎ এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ফলে অনেকেই দীর্ঘদিন পরীক্ষা না করিয়ে স্বাভাবিক জীবনযাপন করেন। একপর্যায়ে জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন, যখন চিকিৎসা আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে ওঠে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ডায়াবেটিস শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিডনি বিকলতা, হৃদরোগ ও ফ্যাটি লিভারের মতো জটিলতার পেছনে এ রোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) এবং বন্ধ্যত্বের ঝুঁকির সঙ্গেও ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। তাই রোগটি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। তাঁর মতে, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং নিয়মিত পরীক্ষা করানোর অভ্যাস তৈরি করা গেলে ডায়াবেটিসের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. নুরুল ইসলাম জানান, দেশে মেটাবলিক ও হরমোনজনিত রোগের আধুনিক চিকিৎসা, গবেষণা এবং বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে জাতীয় পর্যায়ের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ন্যাশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে প্রতি আটজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত বলে পরিসংখ্যানে উঠে এসেছে। রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও নিয়মতান্ত্রিক চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সরকারের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণবিষয়ক প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা গেলে উল্লেখযোগ্যসংখ্যক রোগীর ক্ষেত্রে সুফল পাওয়া সম্ভব।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ডায়াবেটিসের চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, ইনসুলিনসহ জীবন রক্ষাকারী ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য না হলে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তিনি দীর্ঘদিন ধরে আলোচিত রেফারেল পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এতে রোগীদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অযথা ঘুরতে হবে না এবং পরিবারের ওপর চিকিৎসাব্যয়ের চাপও কমবে। পাশাপাশি জাতীয় ওষুধনীতির কার্যকর বাস্তবায়ন এবং ওষুধের সংকট প্রতিরোধের আহ্বান জানান তিনি।

এসেডবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন বলেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ৫০ শতাংশের বেশি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবন কাটাতে পারেন। এ জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে এসেডবির সাধারণ সম্পাদক এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে জটিল ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের উন্নত চিকিৎসা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ একই প্রতিষ্ঠানের অধীনে নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ৩৫ বছরের বেশি বয়সী মানুষ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিনামূল্যে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিন ও রক্তে শর্করা পরিমাপের স্ট্রিপ বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে সরবরাহের বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, প্রতিটি জেলা হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্ট নিয়োগ, ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদ পদ সৃষ্টি এবং প্রাথমিক পর্যায়ের চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।

নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, গর্ভকালীন ডায়াবেটিস মা ও অনাগত শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। গর্ভাবস্থার শুরুতে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে শিশুর জন্মগত ত্রুটি, নির্ধারিত সময়ের আগে প্রসব এবং গর্ভেই শিশুর মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। তাই গর্ভধারণের পরিকল্পনা থেকে শুরু করে পুরো গর্ভকালীন সময়ে নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন। বিশেষ করে যেসব নারীর আগে থেকেই ডায়াবেটিস রয়েছে কিংবা গর্ভাবস্থায় এ রোগ শনাক্ত হয়, তাঁদের চিকিৎসায় এন্ডোক্রাইনোলজিস্ট ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ওজিএসবির প্রায় চার হাজার গাইনোকোলজিস্ট ডায়াবেটিস আক্রান্ত মায়েদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগের সম্পর্ক তুলে ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী বলেন, এ রোগ শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং হৃদযন্ত্র, রক্তনালি ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। অনেক সময় তাঁদের হৃদরোগের লক্ষণ প্রচলিত উপসর্গের মতো প্রকাশ পায় না। ফলে রোগী ও পরিবারের সদস্যদের সতর্ক থাকা প্রয়োজন। রক্তে শর্করার পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল এবং কিডনির কার্যকারিতাও নিয়মিত পরীক্ষা করতে হবে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ ও ধূমপান পরিহারের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

চোখের জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি বলেন, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চোখের রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সৃষ্টি করতে পারে। সময়মতো চিকিৎসা না হলে রোগীর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা করানো জরুরি। টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের সময়ই চোখ পরীক্ষা করা উচিত। অন্যদিকে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে রোগ শনাক্তের পাঁচ বছরের মধ্যে এ পরীক্ষা প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়লে যথাযথ চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। দৃষ্টিশক্তি হারালে একজন মানুষের কর্মক্ষমতা, আয় এবং পারিবারিক দায়িত্ব পালনের সক্ষমতা কমে যায়। এর প্রভাব ব্যক্তিগত জীবনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও পড়ে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। প্রথম দিকে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলেও অনেক রোগী বিষয়টি গুরুত্ব দেন না। পরবর্তী সময়ে কিডনির ছাঁকনি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে কিডনি বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়। উচ্চ রক্তচাপ থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। নিয়মিত রক্ত ও প্রস্রাব পরীক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের মাধ্যমে এ ধরনের জটিলতা প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব।

প্রি-ডায়াবেটিসকেও অবহেলা না করার আহ্বান জানান এসেডবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রি-ডায়াবেটিস এমন একটি অবস্থা, যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা পূর্ণাঙ্গ ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায় না। তবে এ অবস্থাকে নিরাপদ মনে করার কোনো কারণ নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। গবেষণায় দেখা গেছে, শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমাতে পারলে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত মানুষের একটি বড় অংশের রোগের অগ্রগতি ঠেকানো সম্ভব।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ এবং এনসিডি কর্নারের মাধ্যমে ওষুধ সরবরাহের উদ্যোগ ইতিবাচক। তবে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসে আক্রান্ত বিশাল জনগোষ্ঠীর তুলনায় এসব সেবা এখনো পর্যাপ্ত নয়। তাই প্রতিটি বিভাগীয় ও জেলা সদরে আঞ্চলিক ইনস্টিটিউট এবং সমন্বিত ডায়াবেটিস সেন্টার প্রতিষ্ঠা করতে হবে।

কর্মক্ষেত্রেও ডায়াবেটিস প্রতিরোধ কার্যক্রম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন। তাঁর মতে, দীর্ঘ সময় বসে কাজ করা কর্মজীবী মানুষের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন এবং অনিয়মিত জীবনযাপনের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। তাই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালু করা প্রয়োজন। বিশেষ করে যাঁদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস রয়েছে, যাঁরা অতিরিক্ত ওজন বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাঁদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা উচিত।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. এম এ হালিম খান বলেন, জাতীয় পর্যায়ের বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েড, স্থূলতা ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসার মান উন্নত করা সম্ভব হবে। একই সঙ্গে ভুয়া বিশেষজ্ঞ পরিচয়, অপ্রমাণিত চিকিৎসা পদ্ধতি, অননুমোদিত ওষুধ এবং ক্ষতিকর হরমোন ও স্টেরয়েডের ব্যবহার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান বলেন, ডায়াবেটিস রক্তনালি ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে স্ট্রোক এবং নিউরোপ্যাথির ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে স্নায়ুর ক্ষতির কারণে হাত-পায়ে জ্বালাপোড়া, অসাড়তা ও ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রক্তে শর্করা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং ধূমপান পরিহারের মাধ্যমে এসব জটিলতার ঝুঁকি কমানো যায়।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মাশফিকুল হাসান জানান, শিশু-কিশোর ও তরুণদের মধ্যেও ডায়াবেটিস এবং প্রি-ডায়াবেটিসের প্রবণতা উদ্বেগজনক। তাঁদের গবেষণায় প্রতি ২৫ জন কিশোর ও তরুণের মধ্যে একজনের ডায়াবেটিস এবং প্রতি পাঁচজনের মধ্যে একজনের প্রি-ডায়াবেটিস থাকার তথ্য উঠে এসেছে। বিশেষ করে শহরাঞ্চলের তরুণ এবং স্থূলতায় আক্রান্তদের ঝুঁকি বেশি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম সোহেলও বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগ, কিডনি রোগ ও স্ট্রোকের পাশাপাশি যক্ষ্মা, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, কোভিড ও ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি এবং জটিলতা বাড়তে পারে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. ফারাহ নূর কিশোরীদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) শনাক্তের ক্ষেত্রে সতর্কতার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, পিসিওএসের সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক রয়েছে। অনিয়মিত মাসিক, ব্রণ, অতিরিক্ত লোম কিংবা অস্বাভাবিক ওজন বৃদ্ধির মতো লক্ষণ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা উচিত। তবে কিশোরীদের ক্ষেত্রে বয়স ও শারীরিক বিকাশ বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে রোগ নির্ণয় করতে হবে।

গোলটেবিল বৈঠকে ওষুধশিল্পের পক্ষ থেকেও প্রান্তিক পর্যায়ে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অপসোনিন ফার্মা লিমিটেডের সিনিয়র ম্যানেজার সৈয়দ মো. রিয়াজুল আলম জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাতে ওষুধ সরবরাহের পাশাপাশি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এ বছর দেশের ৬০টি প্রতিষ্ঠানে র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

বৈঠকে বক্তাদের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—ডায়াবেটিস নিয়ন্ত্রণের লড়াই কেবল চিকিৎসকের চেম্বার কিংবা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থাকে একই সঙ্গে এগিয়ে আসতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাবার, শারীরিক সক্রিয়তা, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠা, জেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী ওষুধ নিশ্চিত করা গেলে ডায়াবেটিসের ক্রমবর্ধমান চাপ মোকাবিলা সহজ হবে। বিশেষজ্ঞদের প্রত্যাশা, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব ঘাতকের ভয়াবহ পরিণতি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত