প্রকাশ: ১৭ অগাস্ট ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল। ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ে বৈঠক থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মন্তব্য—সব জায়গাতেই সাকিবকে আবার জাতীয় দলে ফেরানোর আহ্বান শোনা যাচ্ছিল। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক কিংবা অন্যান্য ক্রিকেট তারকারা বারবার বলেছেন, সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা বাদ দিয়ে তার ১৭ বছরের অবদানকে বিবেচনা করা উচিত। এমনকি বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদও সরকারের সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলেছেন বলে জানা যায়। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সাকিবের নাম উল্লেখ করেছেন জাতীয় দলে প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে।
কিন্তু পরিস্থিতি পাল্টে যায় গত ১৫ আগস্ট। জাতীয় শোক দিবসে নিজের ফেসবুক পেজে সাকিব একটি পোস্ট দেন, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের ছবি দিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পোস্টে সাকিব লিখেন, তিনি বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। এই পোস্টকে কেন্দ্র করে হঠাৎ করেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই একটি পোস্ট কি সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনাও শেষ করে দিল?
ক্রিকেট অঙ্গনে অনেকে মনে করেন, দেশের প্রয়োজনে সাকিবকে ফেরানো জরুরি হলেও তার সাম্প্রতিক এই রাজনৈতিকভাবে সংবেদনশীল পোস্ট ভবিষ্যতে কোনো সম্ভাবনার পথ বন্ধ করে দিতে পারে। ক্রীড়া মন্ত্রণালয়ের ভেতরের সূত্রও একই ধরনের আভাস দিয়েছে। মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সরকারের দৃষ্টিতে সাকিবের প্রতি এখন আর কোনো আগ্রহ নেই। তিনি বলেন, “যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে। সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করেছে। তাকে সহযোগিতা করার আর কোনো সুযোগ নেই।”
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আরেক সূত্রের দাবি, “২০২৪ সালের পর যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পৃক্ত থেকেছেন, তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে সাধারণ মানুষের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য হবে না। সাকিবও সেই ভুল করেছেন।”
সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে—বাংলাদেশ ক্রিকেটের সোনালি অধ্যায়ের রচয়িতা সাকিব আল হাসান কি তাহলে চিরতরে জাতীয় দলের বাইরেই থেকে যাবেন? নাকি পরিস্থিতির পালাবদলে আবারও একদিন দেশের জার্সি গায়ে দেখা যাবে তাকে? আপাতত সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।