সিলেটে তারুণ্যের মাহফিলে হাজার তরুণের আত্মনির্মাণের শপথ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার
সিলেটে তারুণ্যের মাহফিলে হাজার তরুণের আত্মনির্মাণের শপথ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের সিগনেচার প্রোগ্রাম ‘তারুণ্যের মাহফিল’-এর তৃতীয় সিজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর মহানগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট চারটি সেশনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার প্রায় এক হাজার তরুণ ডেলিগেট। ১২ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান ছিল প্রশিক্ষণমূলক ও উৎসবমুখর, যেখানে প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন, পুরস্কার বিতরণী এবং কবিতা ও সুরের জলসা অন্তর্ভুক্ত ছিল।

ভোটের মাঠে থাকবে সেনা-পুলিশসহ সাড়ে আট লাখ সদস্য: ইসি সচিব

সকালে সৃজনঘরের সহযোগী সদস্য মুফতি ওয়ালী রাহমান ও মুফতি আবু সুফিয়ান নাসিমের হৃদয়গ্রাহী তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী প্রোগ্রাম শুরু হয়। সৃজনঘরের সভাপতি লেখক ও গবেষক হামমাদ রাগিব পরিচালিত এই অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীম।

সকাল ৯.৩০ থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনে দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক মনযূরুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর, কথাসাহিত্যিক সাবের চৌধুরী, তরুণ ইন্টেলেকচুয়াল ইফতেখার জামিল এবং অ্যাক্টিভিস্ট জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। আলোচনার বিষয় ছিল ‘বাঙালি মুসলমানের সাংস্কৃতিক রাজনীতি: নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি’।

দুপুর ১১টা থেকে ১.১৫ পর্যন্ত ইয়ুথ ওয়ার্কশপে স্বতন্ত্র তিনটি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেন খ্যাতিমান বিশেষজ্ঞরা। মুসা আল হাফিজ ‘ইসলামী ঐতিহ্যের আলোকে তরুণদের আত্মপরিচয়’, মুফতি রেজাউল করিম আবরার ‘ইসলামের আলোকে লিডারশিপ ও ক্যারিয়ার ভিশন’ এবং ইসলামি অর্থনীতি গবেষক মোহাইমিন পাটোয়ারী ‘হালাল ফাইন্যান্স ও আধুনিক ব্যাংকিং: তরুণদের আগামীর পথচলা’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিহা সেশনে খ্যাতিমান ইসলামিক স্কলাররা তরুণদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। মাওলানা শরীফ মুহাম্মদ ‘দেশীয় ও বৈশ্বিক সংকট: রাজনৈতিক সচেতনতার তরিকা’, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ‘স্ট্রেস, ডিপ্রেশন ও আধ্যাত্মিক শান্তি’, এবং মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন ‘নিজেকে উন্নত করার নাসিহা’ বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন।

সন্ধ্যা ৬টায় আয়োজিত কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতা ‘টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিজানুর রহমান নাঈমকে উমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারী ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইহসানুল হক খানকে ল্যাপটপ এবং ঢাকা সিটি কলেজের মুবিদুর রহমান নাবিলকে ডেস্কটপ পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাকি ৯ শিক্ষার্থীকে নগদ অর্থসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনের অন্যান্য অংশে ঝটপট প্রশ্নোত্তর, টেন মিনিট এক্সাম এবং বহুজাতিক এআই কোম্পানি কো-ওয়ার্কারের টাস্কে অংশগ্রহণকারীদের মধ্যে লটারি ড্রয়ে বিজয়ীদের হাতে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন তুলে দেওয়া হয়।

রাত ৭.৩০ থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত কবিতা ও সুরের জলসা অংশে কবি মীম সুফিয়ান কবিতা আবৃত্তি করেন, সংগীত পরিবেশন করেন সুরকার ও গীতিকারা আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, আহমদ উসমান ও শেখ এমাদ। রাত ৯টায় মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় হাজার ডেলিগেটের অংশগ্রহণে আয়োজনটি, যা শিক্ষণীয় ও প্রেরণামূলক অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com