হঠাৎ বিয়ের ইঙ্গিত ভাইজানের! ঘর বাঁধার স্বপ্নে মগ্ন সালমান খান?

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৩ বার
হঠাৎ বিয়ের ইঙ্গিত ভাইজানের! ঘর বাঁধার স্বপ্নে মগ্ন সালমান খান?

প্রকাশ: ০৯ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের কেন্দ্রে রয়েছেন। বয়স ছুঁয়েছে ঊনষাট, তবে এখনও তার নামের পাশে ‘ব্যাচেলর’ শব্দটিই থেকে গেছে। পর্দার রোমান্টিক চরিত্রে সাবলীল হলেও বাস্তব জীবনে ভালোবাসা নিয়ে তিনি বরাবরই থেকেছেন নীরব। প্রেমের গুঞ্জন থাকলেও, বিয়ের প্রশ্নে তার অনীহা বরাবরই প্রকাশ পেয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে। কিন্তু এবার ভক্তদের চমকে দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিয়ের ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন ‘ভাইজান’।

গত বুধবার, নিজের বোন আলভিরা খান এবং তার স্বামী, পরিচালক অতুল অগ্নিহোত্রীর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে সালমান খান লিখেছেন, “শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেক ভালোবাসা।” কিন্তু মূল আলোচনার সূত্রপাত হয় এই লেখার পরবর্তী লাইনে—“আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।” সালমানের এই মন্তব্য ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

বহুদিন পর সরাসরি না বললেও এমন এক মন্তব্য, যা বহু ভক্তের মনে আবারও প্রশ্ন তুলেছে—তবে কি এবার সত্যিই ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সালমান খান? এমন এক ব্যাচেলর, যিনি দীর্ঘ সময় ধরে বলিউডে প্রেম ও রোমান্সের প্রতীক হয়ে রয়েছেন, কিন্তু নিজের জীবনে কখনোই বিয়ের পথে হাঁটেননি, তার মুখে এমন স্বীকারোক্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

তবে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় কিছুদিন আগেও ভিন্ন সুরে কথা বলেছিলেন সালমান। জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে তিনি বলেছিলেন, “এখনকার দিনে অল্প কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। অনেক ধুমধামের পরেও কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ, ভাগ হয়ে যায় সম্পত্তি। এতদূর বয়সে এসে আমি এসব সামাল দিতে পারব না।”

এই মন্তব্যে তখনও অনেকে ধরে নিয়েছিলেন, সালমান বিয়ের ভাবনা থেকে বহু দূরে। কিন্তু বুধবারের পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে—তবে কি ভাইজানের সিদ্ধান্ত বদলাচ্ছে?

বলিউডে সালমানের প্রেমের ইতিহাস কম দীর্ঘ নয়। ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানিসহ অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে তার, তবে কোনো সম্পর্কই আনুষ্ঠানিক পরিণতি পায়নি। এমনকি পরিবার, বিশেষ করে তার মা সালমা খানও বহুবার ছেলের বিয়ের ইচ্ছা প্রকাশ করলেও সালমান সরে থেকেছেন।

তবে ভক্তদের ধারণা, সময় হয়তো সত্যিই বদলাচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে হয়তো এবার নিজের একাকীত্ব ঘোচাতে চাচ্ছেন এই সুপারস্টার। হতে পারে পোস্টটি নিছক রসিকতা, আবার হতে পারে এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আকাঙ্ক্ষা—বাড়ি ফিরে কেউ অপেক্ষা করুক, এমনই কোনো এক নির্ভরতার।

এখন শুধু সময় বলবে, সালমানের এই বক্তব্য নিছক একটি আবেগঘন জন্মদিনের শুভেচ্ছা বার্তা, নাকি সত্যিই ঘর বাঁধার একটি সূচনা। বলিউড ও তার অনুরাগীরা এখন অপেক্ষায়, হয়তো আসন্ন দিনগুলোতে মিলবে সেই কাঙ্ক্ষিত উত্তর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত