ওয়ানপ্লাসের বাজারে শক্তিশালী ব্যাটারির দুই নতুন স্মার্টফোন, চমক স্মার্টওয়াচ ও ট্যাবেও

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার

প্রকাশ : ১০ জুলাই | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন

দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে ওয়ানপ্লাস। শক্তিশালী ব্যাটারি আর সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাজারে এসেছে কোম্পানির দুই নতুন মডেল—‘ওয়ানপ্লাস নর্ড ৫’ এবং ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’। গতকাল রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দুই মডেল উন্মোচন করা হয়।

ওয়ানপ্লাস জানিয়েছে, ব্যবহারকারীর দীর্ঘ সময়ের ব্যাটারি সমস্যার সমাধান করতেই এই ফোন দুটির ডিজাইন। ‘ওয়ানপ্লাস নর্ড ৫’ মডেলটিতে ৬ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকায় টানা একবার চার্জেই ঘণ্টার পর ঘণ্টা নির্বিঘ্নে ব্যবহার করা সম্ভব। আরেকটি মডেল ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ আরও একধাপ এগিয়ে—এর ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহারকারীদের দেয় অতিরিক্ত ভরসা।

তবে ব্যাটারি বড় হলেও চার্জের জন্য বেশি সময় অপচয় হবে না। ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র এক ঘণ্টারও কম সময়ে শতভাগ চার্জ করা সম্ভব। ফলে দীর্ঘ সফর বা ব্যস্ত দিনেও চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মিলবে মুক্তি।

প্রযুক্তির দিক থেকেও নতুন মডেল দুটির মধ্যে রয়েছে নতুনত্বের ছোঁয়া। ওয়ানপ্লাস নর্ড ৫-এ থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি প্রসেসর আর ১২ গিগাবাইট র‍্যাম, যা একসঙ্গে একাধিক অ্যাপ চালাতে বা হাই রেজল্যুশনের গেম খেলতে দেয় অনন্য অভিজ্ঞতা। ৫১২ গিগাবাইট স্টোরেজের সুবাদে ছবি, ভিডিও, নথি সংরক্ষণেও আর জায়গার অভাব নেই। এছাড়াও সর্বাধুনিক কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তি ফোনটিকে দীর্ঘ ব্যবহারে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে, তুলনামূলক কম দামে ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ মডেলটিও কম শক্তিশালী নয়। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। ভিডিও দেখা, গেম খেলা বা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার—সবই সহজে করা যাবে এই ফোনে। মডেলটির দাম ধরা হয়েছে ৩৫ হাজার ৯৯৯ টাকা।

ফোন দুটি ১৬ জুলাই থেকে দেশের বাজারে বিক্রি শুরু হবে। তবে এরই মধ্যে যারা ১৫ জুলাই পর্যন্ত আগাম ফরমাশ করবেন, তারা এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধাসহ র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় উপহারও জিতে নিতে পারবেন।

একই অনুষ্ঠানে ওয়ানপ্লাসের আরও কিছু নতুন প্রযুক্তিপণ্যও উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস প্যাড ৩ ট্যাবলেট কম্পিউটার এবং ওয়ানপ্লাস বাডস ৪। সর্বাধুনিক ওয়্যার ওএস ৫ অপারেটিং সিস্টেমে চলা ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচের বিশেষ আকর্ষণ হলো পাওয়ার সেভার মোড—যার মাধ্যমে একবার চার্জে স্মার্টওয়াচটিকে টানা ১৬ দিন ব্যবহার করা সম্ভব।

১৩.২ ইঞ্চির বড় ডিসপ্লের ওয়ানপ্লাস প্যাড ৩ ট্যাবলেটটিতে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর আর ১৫৫ হার্জ রিফ্রেশ রেটের ৩.৪ কে ডিসপ্লে। ফলে সিনেমা দেখা বা অফিসের গুরুত্বপূর্ণ কাজ—সবই হবে আরও সহজ আর প্রাণবন্ত।

ওয়ানপ্লাসের নতুন এই প্রযুক্তিপণ্যগুলো শুধু গ্রাহকের প্রযুক্তি ব্যবহারের ধরন বদলাবে না, একই সঙ্গে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের ঝামেলাও অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করছে কোম্পানিটি।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত