ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে বিএনপি পরিবার

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

প্রকাশ : ১০ জুলাই | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন

মানবিক সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীর গুনাগারি ইউনিয়নের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাহিমা, যে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছে, তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। এ সহায়তা কার্যক্রমের আওতায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমার বাবার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চিকিৎসা ব্যয় বহনের অক্ষমতায় দিশেহারা ফাহিমার পরিবার এক পর্যায়ে মেয়ের চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়। বসতভিটা ছাড়া যা কিছু ছিল, বিক্রি করে দিয়েও চিকিৎসার খরচ জোগাতে পারেননি কৃষক বাবা। এই মানবিক বিপর্যয়ের খবর প্রথমে একটি ইউটিউব প্রতিবেদনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখান থেকেই নজরে আসে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের। দূর দেশ থেকে হলেও বাংলাদেশে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে একটুও দ্বিধা করেননি তিনি। তড়িঘড়ি নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’-কে, যেন ফাহিমার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তারা গ্রহণ করে।

গতকাল রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সরাসরি চট্টগ্রাম মেডিকেলে গিয়ে শিশুটির বাবার হাতে চিকিৎসা খরচের নগদ সহায়তা পৌঁছে দেয়। একই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়, ফাহিমার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় সেবা অব্যাহত থাকবে। প্রতিনিধিদলের সদস্যরা ফাহিমা ও তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

এই মানবিক সহায়তা কার্যক্রমে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী এবং মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা ডা. আহমদুল্লাহ চৌধুরী প্লেজার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে ফাহিমার পরিবারকে জানানো হয়েছে, তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’ শিশুটির পাশে সব সময় থাকবে। শুধু আর্থিক সহায়তা নয়, চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে তারা সার্বক্ষণিক যোগাযোগে থাকবে। মানবিক এই সহায়তা অসংখ্য মানুষের হৃদয়ে আশার আলো জ্বেলে দিয়েছে, যেখানে রাজনীতি আর মানবতার সেতুবন্ধন স্পষ্ট হয়ে উঠেছে।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত